পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর একজনের লাশ গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উদ্ধার করা হয়েছে। তার নাম নুসরাত জাহান ওরফে তিন্নি (৭)। তার চাচাতো বোন তাবাসসুম কাজল ওরফে কেয়ামণির (৭) খোঁজ এখনো পাওয়া যায়নি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকায় ঈদের দিন (গত মঙ্গলবার) বিকেলে ওই নৌকাডুবিতে কেয়ামণির মা মালা আক্তারেরও মৃত্যু হয়। তিন্নির লাশ মরিচা ইউনিয়নের পোড়ারদিয়াড় পদ্মাতীরে একটি কাশবনে ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে প্রথম আলোকে জানিয়েছেন তার চাচা আবু নাস। মেয়েটির জানাজায় দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক উপস্থিত ছিলেন। তিন্নির বাবা তাজুল ইসলামকে প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, কেয়ামণির খোঁজে পদ্মার বিভিন্ন জায়গায় নৌকা দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, নিমজ্জিত নৌকাটির মাঝি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঈদের দিন নৌকাটি ডুবে যাওয়ার পর মাঝিসহ সাতজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ১২ যাত্রী। দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পদ্মা ও গড়াই নদীর বিভিন্ন জায়গা থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়। তারপর গতকাল বিকেলে এক শিশুর লাশ পাওয়া যায়। কিন্তু লাশ মেলেনি আরেক শিশুর।