এক শিশুর লাশ ও গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাসটি গত বুধবার দিবাগত রাতে উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত বৃষ্টি বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের খোকন অধিকারীর সন্তান।এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নৌবাহিনীর একটি ডুবুরি দল গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তল্লাশি অভিযান চালায়। কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি।বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্যমতে, বাসে ৪০-৫০ জন যাত্রী ছিল। গত বুধবার রাত ১২টা ১০ মিনিটে বাসটি টেনে তুললে শিশুটির লাশ পাওয়া যায়।চরকাউয়া বাসমালিক সমিতির সহসাধারণ সম্পাদক ও চরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম জানান, ‘মায়ের আঁচল-৩’ নামের বাসটি বুধবার বেলা পৌনে তিনটায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়। বাসটি বাকেরগঞ্জের ডিসি রোড বাসস্ট্যান্ডে যাচ্ছিল। বিকেল চারটার দিকে বাকেরগঞ্জ উপজেলার গোপালপুর ফেরিঘাটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাঙামাটি নদীতে ডুবে যায় বাসটি। ৩২ আসনের এই বাসের যাত্রীদের মধ্যে ১৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।ফেরিঘাটের ওষুধ ব্যবসায়ী মো. পান্না জানান, গাড়িটিতে যাত্রী কম ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যেতে থাকে। এ সময় যাত্রীরাই পেছনের গ্লাস ভেঙে ফেলে। যাত্রীদের অনেকে তাঁর কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শী মো. ফারুক জানান, গাড়িটি পানিতে পড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে কিছু আসন ভেসে উঠতে দেখেছি। সেই সঙ্গে কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা তিনি জানাতে পারেননি।বরিশাল ফায়ার সার্ভিসের হাবিলদার মো. আবুল বাসার প্রথম আলোকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি রাত ১২টা ১০ মিনিটের সময় উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতর এক শিশুর লাশ পাওয়া গেছে। অন্য কোনো লাশ ভেসে গেছে কি না, তা তিনি বলতে পারেননি।