এক শিয়ালের কামড়ে আহত ৫০!
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কয়েক গ্রামে গত বুধবার রাতে একটি শিয়ালের কামড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটি মেরে ফেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে কাতলাসেন গ্রামে প্রথম ঢুকে শিয়ালটি। সেখানে শিয়ালটি নারী-পুরুষ-শিশু যাকে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এরপর শিয়ালটি একে একে মৈশাটেকী, ইচাইল, মাঝিহাটি, কাটাখালী, কালীবাজাইল গ্রামে ঢুকে মানুষকে কামড়ায়।
ইচাইল নতুন বাজারের নৈশপ্রহরী আবদুর রহিম বলেন, দিবাগত রাত দুইটার দিকে ইচাইল বাজার এলাকায় গ্রামবাসী ও নৈশপ্রহরীরা মিলে শিয়ালটি মেরে ফেলতে সক্ষম হয়।
ময়মনসিংহ শহরের এস কে হাসপাতাল (পশুর কামড়ের চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল) সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই এলাকা থেকে শিয়ালের কামড়ে আহত আট ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়। গতকাল বৃহস্পতিবার সকালে আরও কমপক্ষে ৪০ রোগী আসে। হাসপাতাল কর্তৃপক্ষ এ রকম অন্তত ৫০ জনকে প্রতিষেধক টিকা দিয়েছে।