এক সদস্যকে বহিষ্কার, আরেকজনের সদস্যপদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির এক সদস্যকে বহিষ্কার এবং অপর একজনের সদস্যপদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাঁদের একজনের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার এবং অপরজনের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে অর্থ ব্যয়ের অভিযোগ পাওয়া গেছে।

জাল সনদ ব্যবহারের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আসাদুজ্জামান খান ওরফে লিটন। নিয়মবহির্ভূত ও অননুমোদিতভাবে অর্থ ব্যয়ের দায়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহসিন সিকদারের সদস্যপদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার আইনজীবী সমিতির এই সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে তাঁদের জানানো হয়েছে। গত সোমবার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান খান বলেন, সমিতির সদস্য আসাদুজ্জামান খানের এইচএসসি পাসের সনদ জাল বলে অভিযোগ ওঠে। দেড় বছর আগে তাঁকে মূল সনদ বারে জমা দেওয়ার জন্য বলা হলেও তিনি জমা দেননি। তাই বিশেষ সাধারণ সভায় তাঁকে সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অপর দিকে মহসিন সিকদারের বিরুদ্ধে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সমিতির তহবিল থেকে ১৩ লক্ষাধিক টাকা নিয়মবহির্ভূত ও অনুমোদন ছাড়া ব্যয় করার অভিযোগ ওঠে। এ বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারি সমিতির বার্ষিক সাধারণ সভায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি মহসিন সিকদারের বিরুদ্ধে নিয়মবহির্ভূত ও অননুমোদিতভাবে ১৩ লাখ ৬৬ হাজার ১৪২ টাকা অতিরিক্ত ব্যয়ের প্রমাণ পায়।

এ ব্যাপারে মহসিন সিকদার বলেন, তদন্ত কমিটি একতরফাভাবে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। তিনি পুনঃতদন্তের আবেদন করবেন।