এক সপ্তাহ ধরে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক সপ্তাহ ধরে ময়মনসিংহের নান্দাইল থেকে কাপাসিয়া হয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। গত শুক্রবার নান্দাইল পৌরসভার আচারগাঁও এলাকায় গিয়ে জানা যায়, ৩০ সেপ্টেম্বর রাতে জলসিড়ি পরিবহনের চালক ও সহকারীকে মারধর করেন ওই এলাকার ধান-চালের ব্যবসায়ী বাচ্চু মিয়া ও তাঁর লোকজন। এ ঘটনার পরেই ওই পরিবহন তাদের বাসগুলো নান্দাইল স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে যায়। তাদের সঙ্গে যোগ দেন বন্যা পরিবহনের চালক ও সহকারীরা। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়ে। কয়েকজন এলাকাবাসী জানান, নান্দাইল-কাপাসিয়া-ঢাকা সড়কে নান্দাইল পৌরসভার আচারগাঁও এলাকা থেকে জলসিড়ি ও বন্যা পরিবহনের বাস চলাচল করত। কিন্তু এখন ওই বাসগুলো চলাচল না করায় তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিদিন শত শত যাত্রী স্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছে। অনেকে বিকল্পব্যবস্থায় অতিরিক্ত অর্থ খরচ করে ঢাকা যাওয়া-আসা করছে।জলসিড়ি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা ও কোটি টাকার সম্পদ বিনষ্টের আশঙ্কা থাকলে কীভাবে ওই সড়কে বাস চলাচল অব্যাহত রাখব। আগে নিরাপত্তা, পরে ব্যবসা।’নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। অন্য সূত্র থেকে বিষয়টি জেনে তিনি বাসস্ট্যান্ডে পুলিশ পাঠিয়েছিলেন। তবে বাচ্চু মিয়া চালক-শ্রমিককে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দোকানের ধান-চাল অন্য মোকামে পাঠানোর জন্য একটি ট্রাকে ওঠানোর সময় আমার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে যানজটের সৃষ্টি হয়। যানজট দূর করার সময় আমি জলসিড়ি পরিবহনের চালক ও শ্রমিকদের মারধরের শিকার হই।’