এক সপ্তাহ পর লাশ ফেরত দিল বিএসএফ
এক সপ্তাহ পর মনতাজুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি তরুণের গলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিজিবির কাছে লাশ হস্তান্তর করে। ভারতের সাকাতি বিএসএফ ফাঁড়ির সদস্যরা ৬ সেপ্টেম্বর রাতে মনতাজুলকে পিটিয়ে হত্যা করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
বিজিবি সূত্র জানায়, মনতাজুল সদর উপজেলার চাকলাহাট ইউপির সিংরোড নায়েকপাড়া গ্রামের মফিজউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ বিজিবির কাছে লাশ হস্তান্তর করে। পরে রাত আটটার দিকে বিজিবি তাঁর লাশ পঞ্চগড় থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ গতকাল ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হন্তান্তর করেছে।
স্থানীয় চাকলাহাট ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান জানান, লাশ ফেরত দেওয়ার কথা বলে সকাল থেকে বিজিবিকে বসিয়ে রাখে বিএসএফ। গণমাধ্যমকর্মীরা থাকলে লাশ ফেরত দেওয়া হবে না বলে বিএসএফ বিজিবিকে জানায়। এ কারণে বিজিবি গণমাধ্যমকর্মীদের কাছে ভিড়তে দেয়নি। বিএসএফের সদস্যরা মনতাজুলকে পিটিয়ে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। লাশ সাত দিন ধরে অরক্ষিত অবস্থায় ফেলে রাখায় পচন ধরেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ কে এম শামিম রেজা বলেন, বিএসএফ তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করেছে।