এক সপ্তাহ পর শেরপুর থেকে বাস চলাচল শুরু
মালিক-শ্রমিক দ্বন্দ্বের জের ধরে এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সকালে শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার সব পথে বাস চলাচল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. আতিউর রহমানের সঙ্গে জেলা বাস-কোচমালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বৈঠকের পর মালিকপক্ষ শুক্রবার থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার শহরের রঘুনাথ বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক হয়।
জেলা বাস-কোচমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈঠকে জেলার পরিবহন খাতে উদ্ভূত পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা নিরসনে ছয় সদস্য-বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। আগামী তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে হুইপ আশ্বাস দেন। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।