ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানা থেকে ডিলাররা সাত দিন ইউরিয়া সার নেওয়া বন্ধ রাখার পর গতকাল শনিবার থেকে তা ফের নেওয়া শুরু করেছেন। বিদেশ থেকে আমদানি করা সারের মান নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় এত দিন সার নেওয়া বন্ধ রাখেন ডিলাররা। ডিলারদের অভিযোগ, বিদেশ থেকে বিশেষ করে চীন ও কাতার থেকে আমদানি করা ইউরিয়া সারের মান খারাপ, ওজনে কম ও বস্তা ত্রুটিযুক্ত—এ অভিযোগে কারখানার আওতাভুক্ত ছয় জেলার ৭০০ ডিলার ৬ মার্চ থেকে সার নেওয়া বন্ধ করে দেন। জেলাগুলো হলো: হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা। জানা গেছে, বোরো মৌসুমের কথা বিবেচনায় রেখে ফেব্রুয়ারি মাসে বরাদ্দ বাড়িয়ে বিদেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) এবং চীন ও কাতার থেকে ৮৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হয়। এ জন্য কৃষকদের জিয়া সার কারখানায় উত্পাদিত সার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সভাপতি রহুল আমিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘চীন ও কাতার থেকে আমদানি করা ইউরিয়া সারের মান খারাপ। বিশেষ করে চীনের সার ২০০১ সালে উত্পাদন করা। প্যাকেটে তাই লেখা আছে। এ কারণে এ সারের গুণগত মান নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। সারের বস্তা ছেঁড়া হওয়ায় তা পরিবহনের সময় পড়ে যায়। কৃষকেরা কম সার পান। ফলে আমরা সার নেওয়া বন্ধ রাখি। তবে বর্তমানে আনুপাতিক হার নির্ধারণ করে দেওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’তিনি জানান, নতুন নিয়মানুযায়ী ডিলাররা বরাদ্দের ৮৫ শতাংশ পাবেন জিয়া সার কারখানায় উত্পাদিত ইউরিয়া সার আর ১৫ শতাংশ নিতে হবে বিদেশ থেকে আমদানি করা সার। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন মাস্টার বলেন, ‘আমদানি করা সার না দেওয়ার জন্য আমরা বিসিআইসির কাছে লিখিতভাবে অনুরোধ করেছিলাম। কর্তৃপক্ষ আমাদের কথা শুনেছে।’জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (্এমডি) উসমান গণি সাংবাদিকদের জানান, ‘ডিলারদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আজ (শনিবার) থেকে নতুন নিয়মে সরবরাহ দেওয়া শুরু করেছি।’