এক সপ্তাহ পানির পাম্প বিকল, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প এক সপ্তাহ ধরে বিকল হয়ে আছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির সরবরাহ না থাকায় চরম বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা। অনেক রোগী এ হাসপাতালে ভর্তি না হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনটি বিকল হয়েছে। এটি মেরামতের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজিত সিন্হা বলেন, হাসপাতালের একমাত্র পাম্প মেশিনটি ১৯ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পরদিন লিখিতভাবে ফরিদপুরের নির্বাহী প্রকৌশলীকে (স্বাস্থ্য বিভাগ) জানানো হয়। ২২ ডিসেম্বর রাজবাড়ী কার্যালয়ের একটি দল পাম্পটি মেরামতের জন্য নিয়ে গেছে। পানির সরবরাহ না থাকায় রোগী-চিকিৎসকসহ সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি পানির অভাবে চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
গতকাল সোমবার ৫০ শয্যার হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, ৩১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ছয়জন ডায়রিয়ায় আক্রান্ত। এ দিন সকালে পাঁচজন রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। পানির অভাবে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভোগান্তি বেশি। রোগীর স্বজনেরা বাইরে থেকে পানি নিয়ে আসছেন।
দৌলতদিয়ার ফেরিঘাট এলাকার ছাত্তার মেম্বারপাড়ার শাহানাজ বেগমের ছয় মাসের শিশু ডায়রিয়ায় আক্রান্ত। গত রোববার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য লোক দিয়ে হাসপাতালের বাইরে থেকে পানি আনাচ্ছেন শাহানাজ বেগম।
গোয়ালন্দ পৌরসভার জবানী পাড়ার মো. সালাউদ্দিন বলেন, ‘বৃদ্ধ মা সানু বেগমকে রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করেছি। পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছি। সামর্থ্য থাকলে অন্যত্র নিয়ে যেতাম।’
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, একে তো হাসপাতালে চিকিৎসক-সংকট, এর সঙ্গে যোগ হয়েছে পানির কষ্ট। এক সপ্তাহ ধরে হাসপাতালের একমাত্র পাম্প মেশিনটি নষ্ট। অথচ কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এ জন্য নিজের এক আত্মীয়কে ফরিদপুর নিয়ে চিকিৎসা করাচ্ছি।
জরুরি বিভাগে কর্মরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রতিদিন বিভিন্ন ধরনের রোগী হাসপাতালে এসে থাকেন। বিশেষ করে হাসপাতালটি মহাসড়কের পাশে হওয়ায় দুর্ঘটনার শিকার অনেক রোগী এখানে আসেন। তাঁদের প্রাথমিক অস্ত্রোপচারসহ চিকিৎসা দিতে গিয়ে পানির অভাবে বেকায়দায় পড়তে হচ্ছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজিত সিন্হা বলেন, কী কারণে পাম্প মেশিন বিকল হয়েছে তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আজ (গতকাল সোমবার) রাজবাড়ীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এক-দুদিনের মধ্যে মেশিন ঠিক হয়ে যাবে।