এক সপ্তাহ পেছাল খুলনা-কলকাতা বাস চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো খুলনা-কলকাতা যাত্রীবাহী বাস সেবা। ২২ মে থেকে চালু হবে ওই সেবা। আজ সোমবার এই বাস চালুর কথা ছিল।
বেসরকারি গ্রিনলাইন পরিবহন ঢাকা থেকে এই সার্ভিস চালু করছে। এতে সহযোগিতা করছে বিআরটিসি। সপ্তাহে তিন দিন বাসটি খুলনা হয়ে কলকাতা যাবে। বাকি তিন দিন কলকাতা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে।
গ্রিনলাইন পরিবহন খুলনার ব্যবস্থাপক মো. শহিদুজ্জামান জানান, ঢাকা থেকে প্রতিটি আসন দেড় হাজার এবং খুলনা থেকে এক হাজার টাকা ভাড়া নির্ধারণ হয়েছে। আজ সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে।
বিআরটিসি থেকে জানা গেছে, সপ্তাহে প্রতি সোম, বুধ ও শুক্রবার ঢাকা সকাল সাড়ে সাতটায় এই বাসটি ছাড়বে। বেলা দেড়টায় বাসটি খুলনায় পৌঁছাবে। সেখান থেকে যাবে কলকাতার সল্টটেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনালে। একইভাবে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল সাড়ে সাতটায় কলকাতার সল্টলেক থেকে বাসটি ছেড়ে আসবে। বেলা একটায় খুলনায় পৌঁছাবে। পরে ঢাকায় যাবে। বিলাসবহুল বাসটিতে মোট আসন থাকবে ৪০টি।