বরগুনার আমতলী উপজেলার হলদিয়া গ্রামে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে ১৫টি গরুর মৃত্যু হয়েছে। এসব গরুর বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা। এক গ্রামে এত কম সময়ের ব্যবধানে ১৫টি গরু মারা যাওয়ায় স্থানীয় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছেন।
আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘একটি গ্রামে এতগুলো গরু মারা যাওয়ার ঘটনা অস্বাভাবিক। তবে এ খবর আমাকে কেউ জানায়নি। কী রোগে মারা গেছে, তার আলামত পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। খবর পেয়ে আলামত সংগ্রহের উদ্যোগ নিয়েছি।’
ভুক্তভোগী কৃষক সূত্র জানায়, গত ১০ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অজ্ঞাত রোগে হলদিয়া গ্রামের আটজন কৃষকের ১৫টি গরু মারা যায়। প্রথমে বৃহস্পতিবার সকালে বাবুল চৌকিদারের একটি গরু আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার মধ্যেই সেটি মারা যায়। এভাবে এক সপ্তাহে একে একে তাঁর ছয়টি গরু মারা যায়। পরের দিন শুক্রবার সকালে একই এলাকার ফোরকান খলিফার একটি, দেলোয়ার চৌকিদারের দুটি, গত শনিবার সকালে কাঞ্চন পেয়াদার একটি, মোসলেম পেয়াদার একটি, গত রোববার রাতে খবির খলিফার একটি এবং সোমবার সকালে ছোবাহান পেয়াদার তিনটি গরু মারা যায়।
খবির খলিফা বলেন, রোগে আক্রান্ত হওয়ার পর গরুগুলো ছটফট করতে থাকে এবং দৌড়াদৌড়ি শুরু করে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে নিস্তেজ হয়ে পড়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মারা যায়। মুখ ও নাক দিয়ে তখন প্রচুর পরিমাণে ফেনা বের হয়।
কৃষক বাবুল চৌকিদার জানান, একসঙ্গে তাঁর ছয়টি গরু মারা যাওয়ায় তিনি পথে বসে গেছেন। এবার কীভাবে তিনি হালচাষ করবেন ভেবে কূল পাচ্ছেন না।
কৃষক দেলোয়ার চৌকিদার জানান, তাঁর একটি গরু মারা যাওয়ার পর আরেকটি গরু আক্রান্ত হলে আমতলী প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসা সহকারী আবদুস ছোবাহানকে বাড়িতে নিয়ে দেখান। তিনি তড়কা রোগের টিকা দেন। এরপরও বৃহস্পতিবার দুপুরে তাঁর আরেকটি গরু মারা গেছে।
আমতলী প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসা সহকারী আবদুস ছোবাহান বলেন, ‘প্রথমে মনে হয়েছিল এগুলো তড়কা রোগে আক্রান্ত হয়েছে। এ জন্য তড়কা রোগের চিকিৎসা দিই। কিন্তু এখন মনে হচ্ছে এটা তড়কা রোগ নয়। আমার ধারণা, গরুগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। এলাকায় প্রচুর তরমুজ চাষ হয়। তরমুজখেতে কীটনাশক প্রয়োগ করায় এসব খেতের ঘাস খেয়ে গরুগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে।’