কক্সবাজারের উখিয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এসব রোগে আট শিশু মারা গেছে এবং দুই শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বহির্বিভাগে নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ ও ডায়রিয়ায় আক্রান্ত ১০টি শিশুর চিকিত্সা দেওয়া হয়েছে। একই দিন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া নিউমোনিয়ার রোগী নুরুল আবছারের (১০ মাস) বাবা নুরুল আমিন জানান, দুই দিন আগে তাঁর ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। বৃহস্পতিবার সকালে তিনি তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করেন। মনখালীর রোজিনা আক্তারের ডায়রিয়ায় আক্রান্ত ছেলে রেজাউল করিমকে (১) গত বুধবার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রোজিনা আক্তার বলেন, ‘স্যালাইনসহ সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে কোনো ওষুধ পাইনি।’ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা উম্মে কুলসুম জানান, দু-তিন দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা আসছে। ওয়ার্ডে শয্যা খালি না থাকায় অনেক রোগী পূর্বের বারান্দায় শয্যা পেতে চিকিত্সা নিচ্ছে। এ ছাড়া জয়নাল নামের নিউমোনিয়ায় আক্রান্ত মুমূর্ষু এক শিশু কয়েক দিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরই মারা যায়। তিনি আরও জানান, হাসপাতালে ডায়রিয়ার স্যালাইনের সংকট আছে। এলাকাবাসী ও গ্রাম্য চিকিত্সকেরা জানান, গত এক সপ্তাহে টেপাখালীর মরিয়ম (৯ মাস) ও মনখালীর সোহেল (এক বছর) নিউমোনিয়ায় মারা গেছে। একই সময়ে পালংখালীর ববি (১৩ মাস), বানুখালীর মুন্না (আ. ইমাম), হলদিয়াপালংয়ের জান্নাত (২), রত্নাপালংয়ের মেয়ের (২) ও রাজাপালং গ্রামের মুশফিক (১০ মাস) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী বলেন, গত এক সপ্তাহে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫-২০ জন ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আসছে। তিনি আরও জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ডায়রিয়া ও ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ার স্যালাইনের সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।