এক সপ্তাহে এক গ্রামসহ ৫৮০ বাড়ি নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙনে ফরিদপুর সদর উপজেলা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় গ্রাম, বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে একটি গ্রাম, ৫৮০টি বসতবাড়ি ও এক হাজার ১৬০ একর ফসলি জমি গিলে খেয়েছে কীর্তিনাশা, পদ্মা ও আড়িয়াল খাঁ।সদরপুর উপজেলায় পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে উপজেলার চর নাসিরপুর, দিয়ারা নাড়কেলবাড়িয়া ও চরমানাই ইউনিয়নে ৫৩৯টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে চর নাসিরপুর ইউনিয়নে ৩১৩টি, দিয়ারা নাড়কেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুল সর্দারের নিজের বাড়িসহ ১৮১টি ও চরমানাই ইউনিয়নে ৪৫টি বসতবাড়ি রয়েছে। এ ছাড়া ওই তিনটি ইউনিয়নে ৫০০ একর ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে।চর নাসিরপুরের ইউপির চেয়ারম্যান মো. মজিবর রহমান মাতুব্বর জানান, আড়িয়াল খাঁর ভাঙনে গত এক সপ্তাহে ছোট কোল পাড় গ্রামটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এই গ্রামে ৩০টি পরিবার বাস করত। এ ছাড়া ইব্রাহিম মুন্সীর কান্দি, জামাল সিকদারের কান্দি, করাল কান্দি, চৌধুরীর কান্দি ও ছোটকোল জমিরকান্দি গ্রামগুলোর ৭৫ থেকে ৮০ ভাগ নদীগর্ভে হারিয়ে গেছে।সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ওলিউর রহমান বলেন, ‘ভাঙনকবলিতদের তালিকা করে প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।’ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের তিনটি গ্রাম পদ্মার ভাঙনের মুখে পড়েছে। এক সপ্তাহে ওই ইউনিয়নের ভূইয়াডাঙ্গি, মজিদ মুন্সীর ডাঙ্গি ও সোনামন্ডলের ডাঙ্গিতে ভাঙনে ১০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙনের মুখে ২০টি পরিবার বাড়িঘর সরিয়ে নিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাদেকুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের সোবহান মোল্লার ডাঙ্গি গ্রামে গত সাত দিনে পদ্মার ভাঙনে ১৫টি বসতবাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে। চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী ও মধু ফকিরের ডাঙ্গী গ্রামে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। এক সপ্তাহে গাছপালাসহ ২৩টি বসতভিটা ও ৬০ একর ফসলি জমি পদ্মার গর্ভে চলে গেছে। এ ছাড়া একই ইউনিয়নের বৈদ্যডাঙ্গী গ্রাম ও উপজেলা সদরের হাজীডাঙ্গী, বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী, খালাসীডাঙ্গী গ্রামে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে চর এলাকার ৫০০ একর জমি ও কাশবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গাজিরটেক ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, নদীভাঙনে যাদের বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে তাদের পাঁচ হাজার টাকা ও ৫০ কেজি করে চাল এবং যাদের ঘরবাড়ি আংশিক ভেঙে গেছে তাদের দুই হাজার টাকা ও দশ কেজি করে চাল দেওয়া হবে।শহরের স্লুইসগেটে ধস: ফরিদপুর পৌর এলাকার ভাটি লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত মদনখালী স্লুইসগেট-সংলগ্ন বোল্ডার ধসে গেছে। এ ছাড়া তীব্র স্রোতে স্লুইসগেটের ভাটিতে ডান দিকের পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ছয়টি বাড়ি।ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিন সরকার বলেন, পানির চাপ বেশি হওয়ায় ভাঙনের সৃষ্টি হয়েছে এবং বোল্ডার ধসে পড়েছে। এখন গেটটি বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু পদ্মা নদীর পানি কুমার নদ দিয়ে প্রবাহিত হওয়ায় এটি চালু রাখতে হচ্ছে।