এক সপ্তাহে তিন জেলে নিহত ৪৯ জনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকাগুলোতে জলদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। গত এক সপ্তাহে জলদস্যুদের হামলায় তিন জেলে নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে মুক্তিপণের দাবিতে তারা বিভিন্ন স্থান থেকে ৪৯ জন জেলেকে অপহরণ করেছে। জলদস্যুদের তাণ্ডব ও তিনজনকে হত্যার ঘটনায় উপকূলের কয়েক লাখ জেলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. হাসানুজ্জামান বলেন, ‘জলদস্যুদের গুলিতে রিপন নামের এক জেলে নিহত ও বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি। এসব অপতৎপরতা বন্ধে কোস্টগার্ডের নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে।’জানা গেছে, বাগেরহাটের শরণখোলা রেঞ্জে র পশ্চিম সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে সশস্ত্র জলদস্যুরা রোববার গভীর রাতে তিনটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে প্রায় ৩০০ মণ ইলিশ মাছ, জাল ও জ্বালানি লুট করে নিয়ে যায়। এ সময় জলদস্যুদের গুলিতে রিপন (৩২) নামের এক জেলে নিহত ও দুই জেলে গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার দুবলারচরসংলগ্ন নারকেলবাড়িয়া এলাকায় দস্যু জুলফিকার বাহিনী চাঁদার দাবিতে মাছ ধরার অর্ধশতাধিক ট্রলারে লুটপাট চালায়। এ সময় কক্সবাজার এলাকার এফবি মা জননী ট্রলারের জেলে আলমগীর মাঝি নিহত হন। গত বুধবার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে নিহত হন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জেলে আলমগীর হোসেন। এ সময় বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার থেকে মুক্তিপণের দাবিতে ১২ জন জেলেকে অপহরণ করা হয়।রোববার মাছ ধরার ট্রলারের ঘটনা সম্পর্কে জেলে হরিশংকর শরণখোলা থেকে পাথরঘাটায় ফিরে এসে জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় পশ্চিম সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বয়া এলাকায় মাছ ধরার সময় ১০-১২ জন জলদস্যু তিনটি ট্রলারে হামলা চালায়। এ সময় জলদস্যুদের গুলিতে এফবি সন্ধানীর জেলে রিপন ঘটনাস্থলে নিহত হন। জলদস্যুরা যাওয়ার সময় নয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সগীর আলম বলেন, বঙ্গোপসাগরে জলদস্যুদের যে তাণ্ডব চলছে, তাতে কোনো জেলেই এখন আর সাগরে মাছ ধরতে যেতে ভরসা পাচ্ছেন না।গত বৃহস্পতিবার দুবলারচরসংলগ্ন নারকেলবাড়িয়া এলাকায় দস্যু জুলফিকার বাহিনী চাঁদার দাবিতে মাছধরার ১৬টি ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলারসহ ২৮ জেলেকে অপহরণ করে। অপহূত জেলেদের মুক্ত করতে জলদস্যুরা ১৫ লাখ টাকা পণ দাবি করেছে বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।শ্যামনগরে চার জলদস্যু গ্রেপ্তারসাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলেখালী এলাকা থেকে চার জলদস্যুকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া চার জলদস্যু হচ্ছেন খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের আবুল কালাম (৩৫), একই উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের মিজানুর রহমান শেখ (৪০), ঘাটাখালি গ্রামের রোকন শেখ (২৫) ও একই গ্রামের মো. মাসুম বিল্লাহ (২৩) ।