এক সপ্তাহে তিনটি আঞ্চলিক হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এক সপ্তাহে তিনটি আঞ্চলিক হরতাল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজ রোববার সিলেট বিভাগের চারটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। ওই দিন রাতেই জাতীয়তাবাদী ছাত্রদল কাল সোমবার সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে।
গতকাল শনিবার অবরোধের সমাবেশ থেকে ১৮-দলীয় জোট আগামী বুধবারও হরতালের ঘোষণা দেয়। এ নিয়ে আগামী এক সপ্তাহে সিলেটে অবরোধের মাঝে চারটি আঞ্চলিক হরতাল ঘোষণা করা হলো।
নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮-দলীয় জোটের আহ্বায়ক এম এ হক হরতালের ঘোষণা দেন। গতকাল অবরোধ চলাকালে সকাল সাড়ে নয়টায় সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে জড়ো হন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। পরে তাঁরা মিছিল নিয়ে হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এম এ হক।
সমাবেশ থেকে বুধবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা হয়। এর আগে বৃহস্পতিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৃথক একটি কর্মসূচি থেকে সিলেট বিভাগের চার জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক সামসুজ্জামান। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খান আগামীকাল সিলেট বিভাগের চার জেলায় ছাত্রদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।