এক সপ্তাহে তিনটি শতবর্ষী মেহগনি গাছ উধাও!
ফেনী শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোড থেকে এক সপ্তাহের মধ্যে রাতের আঁধারে পর পর তিনটি শতবর্ষী মেহগনি গাছ উধাও হয়ে গেছে।সড়ক ও জনপথ বিভাগ, জেলা পরিষদ ও বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে কে বা কারা গাছগুলো গোড়াসহ কেটে নিয়ে গেছে তা কেউ বলতে পারছে না।সূত্র জানায়, গত কয়েক দিনে শহরের কেন্দ্রস্থল ফেনী প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম পুরাতন গ্র্যান্ড ট্রাংক রোডের পাশের শতবর্ষী পুরোনো লক্ষাধিক টাকা মূল্যের একটি মেহগনি গাছ কে বা কারা রাতের আঁধারে কেটে গোড়াসহ তুলে নিয়ে গেছে।দুই দিন পর একই সড়কের রাজবাড়ী গেটে দ্বীপ্তি ফার্মেসির সামনে থেকে একই কায়দায় আরও একটি শতবর্ষী মেহগনি গাছ কেটে নিয়ে যায় দুর্বত্তরা।সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানা থেকে মাত্র ১০০ গজ দূরে একই সড়কের মুক্তবাজার এলাকা থেকে আরও একটি গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। সড়কের পাশের শতবর্ষী পুরোনো এ গাছগুলোর মালিকানা জেলা পরিষদ ও সড়ক বিভাগের বলে জানা গেছে। বিষয়টি ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি গাছ চুরির বিষয়ে কিছুই জানেন না বলে প্রথম আলোকে জানান।বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম জানান, গাছগুলো বন বিভাগের অধীনে নয়, কে বা কারা কেটে নিয়ে গেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ফেনীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক জানান, শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোডের গাছগুলো সড়ক বিভাগ ও জেলা পরিষদের যৌথ মালিকানায়। যেখানে সারা রাত যানবাহনসহ মানুষ চলাচল করে, সেখান থেকে রাতের অন্ধকারে এভাবে গাছ উধাও হওয়ার ঘটনায় তিনি বিস্মিত হয়েছেন। এ ঘটনায় ফেনী থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।