এক সপ্তাহে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, গত এক বছরে বরেন্দ্র অঞ্চলে প্রায় ১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীকে পচন ধরা হাত-পা কেটেও বাঁচানো যায়নি।
এখন সাপের ভয়ে মাঠে কাজ করার জন্য শ্রমিক মিলছে না। জমিতে পাকা ধান নষ্ট হচ্ছে। বন্ধ রয়েছে অন্য ফসলের পরিচর্যা। এ অবস্থায় এলাকায় সরকারিভাবে শ্রমিকদের জন্য গামবুট সরবরাহের দাবি উঠেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ কেন্দ্রের চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, রাসেল ভাইপার সাপের কামড়ে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য তাঁরা সম্প্রতি একটি যন্ত্র পেয়েছেন। বাংলাদেশে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই এই যন্ত্রটি দেওয়া হয়েছে। তবে যন্ত্রটি চালানোর জন্য প্রতি ৭২ ঘণ্টায় একটি করে সার্কিটের প্রয়োজন, যার দাম ৩০ থেকে ৪০ হাজার টাকা। সরকারিভাবে এই সার্কিটের কোনো সরবরাহ নেই।
এই সাপের কামড়ে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন পবা উপজেলার নিমতলা গ্রামের কৃষক নাইমুল ইসলাম (২৫)। গত ২৬ এপ্রিল ধানের খেতে কাজ করতে গেলে তাঁকে সাপে কামড় দেয়। গত ৩০ এপ্রিল হাসপাতালে গিয়ে দেখা যায়, তাঁর পা ফুলে গেছে। ওই দিন পর্যন্ত তিনি মুখে কোনো খাবার গ্রহণ করতে পারেননি। তাঁর শাশুড়ি রাশিদা খাতুন বলেন, আগের চেয়ে অবস্থার একটু উন্নতি হয়েছিল। এই অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। নাইমুল হাসপাতালের জরুরি বিভাগ পর্যন্ত হেঁটে আসেন। তারপর সেখানেই তাঁর মৃত্যু হয়।
গত ২৯ এপ্রিল একই সাপের কামড়ে মারা গেছেন একই গ্রামের গৃহবধূ মৌসুমী (২৫)। তিনি ধানখেতের পাশে ছাগল চরাতে গিয়েছিলেন। সাপে কামড় দেওয়ার পর ১৫ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তিনি মারা গেছেন। একই সাপের কামড়ে বছর খানেক আগে এই গ্রামের বিপ্লব (২০) ও পার্শ্ববর্তী মোল্লাপাড়া গ্রামের সাহেব (৪৫) মারা গেছেন।
১৩ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পবা উপজেলার গহমাবোনা গ্রামে কৃষক গোলাপ হোসেন (৪৬)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থাকার পরে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তিনি বলেন, এখনো পুরো সুস্থ হননি। ইতিমধ্যে লাখ খানেক টাকা খরচ হয়েছে।
স্থানীয় লোকজন বলছেন, একই সাপে সবাইকে কামড় দিচ্ছে। বর্তমানে গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলে এই সাপের প্রকোপ খুব বেড়েছে। গত সোমবার উপজেলার নিমতলা গ্রামের পদ্মার চরে গিয়ে দেখা যায়, মাঠে পাকা ধান ঝরে পড়ছে। কোনো শ্রমিক ধান কাটতে আসছেন না। আবার কাঁচা ধানের জমিতে পানি দেওয়ারও শ্রমিক মিলছে না। মাটি ফেটে চৌচির হয়ে গেছে। গ্রামের কৃষক তমিজ উদ্দিন ১২ বিঘা জমিতে পাট, তিন বিঘায় ভুট্টা ও চার বিঘা জমিতে কচু চাষ করেছেন। তিনি বলেন, গৃহবধূ মৌসুমীকে কামড় দেওয়ার পর থেকে আর কোনো শ্রমিক খেতে নামছেন না।
উপজেলার রাজাবাড়ি গ্রামের কৃষক আবদুর রউফ বলেন, যেকোনো সাপ মানুষের উপস্থিতি টের পেলে পালিয়ে যায়। কিন্তু এই সাপ পালায় না। তিনি বলেন, সাপের কামড়ে এই অঞ্চলের মানুষ শুধু মারা যাচ্ছে তা-ই নয়, এখন তাদের জীবন জীবিকার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এ বিষয়ে সরকারের নজর দেওয়া জরুরি। তিনি বলেন, সরকারিভাবে শ্রমিকদের গামবুট সরবরাহ করা দরকার।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই বছর আগে এই সাপের কামড়ে অসুস্থ রোগী নাচোলের আনোয়ার হোসেনের (২০) হাতের আঙুলে পচন ধরেছিল। আঙুল কেটে বাদ দিয়েও তাকে বাঁচানো যায়নি। পা কেটে বাদ দেওয়ার পরও গত বছর তানোরের আজিম উদ্দিনের (২৬) মৃত্যু হয়।