এক সপ্তাহে নরসিংদীর তিন টেক্সটাইল মিলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে নরসিংদীর তিনটি টেক্সটাইল মিলে ডাকাতি হয়েছে। এতে মিলমালিকদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। পৃথক তিনটি ডাকাতির ঘটনায় পুলিশ তিনটি কারখানার কর্মকর্তা-কর্মচারীসহ ১৩ জনকে আটক করলেও ডাকাতির মালামাল উদ্ধার করতে পারেনি। সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে সদর উপজেলার মাধবদীর চন্দ্রিমা টেক্সটাইল মিলে ডাকাতি হয়। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ-আলম ও কারখানার তিন শ্রমিককে আটক করে। চন্দ্রিমা টেক্সটাইল মিলের কর্মকর্তারা জানান, বুধবার রাত পৌনে দুইটার দিকে ডাকাত দলটি মিলের চালের টিন কেটে ভেতরে ঢোকে। প্রথমে তারা মিলের ব্যবস্থাপক মো. সানিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে মিলের আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, রপ্তানির জন্য রাখা পাঁচ হাজার গজ কাপড় ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। কারখানাটির মালিক আলমগীর জানান, ডাকাত দলে অন্তত ১০ থেকে ১২ জন ছিল। ডাকাতির ঘটনায় তাঁর সাত লাখ টাকার ক্ষতি হয়। এর আগে ৭ এপ্রিল ভোরে নরসিংদী সদর উপজেলার বাবুরহাট চৈতাব শিল্প এলাকার টাইকন টেক্সটাইলে ডাকাতেরা হানা দেয়। তারা ওই কারখানা থেকে ২৫৮ ব্যাগ সুতা, টাকা ও মুঠোফোন সেট নিয়ে যায়। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কারখানার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সুপারভাইজার মো. আনিসুর রহমান চৌধুরীসহ পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে।কারখানার মালিক রাকিবুল হোসেন বলেন, ডাকাতেরা কারখানা থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সুতা লুট করে। এই ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।পরের দিন ৮ এপ্রিল দিবাগত রাতে একই উপজেলার পাঁচদোনায় আসমান্দিরচর আকন্দ টেক্সটাইল মিল থেকে ডাকাতেরা অর্ধকোটি টাকা মূল্যের কাপড় লুট করে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম জানান, ডাকাতেরা শ্রমিকদের অস্ত্র দেখিয়ে কাভার্ড ভ্যানে করে রপ্তানির জন্য রাখা ৫০ লাখ টাকার কাপড় লুট করে। ওই ঘটনায় পুলিশ কারখানার চার শ্রমিককে গ্রেপ্তার করে।টেক্সটাইল মিল-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় কারখানার মালিকদের মধ্যে অস্থিরতা বেড়েছে। একই সঙ্গে প্রতিটি ঘটনার পর পুলিশ কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ধরে নিয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক মিলমালিক নিজ দায়িত্বে মিলের নিরাপত্তা জোরদার করেছেন। বিশেষ করে রাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শ্রমিকদের গতিবিধির ওপর রাখা হচ্ছে বাড়তি নজর।ডাকাতির বিষয়ে কথা হয় বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের মাধবদী অঞ্চলের সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘টেক্সটাইল মিল ব্যবসায় এখন প্রধান ভয় ডাকাতি। সাত দিনের মধ্যে তিন মিলে ডাকাতি এবং কোটি টাকার সম্পদ লুট হওয়ার ঘটনা আগে হয়নি। বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। প্রতিকারে প্রশাসনের সহযোগিতা চেয়ে আসছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।’নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটার পর মালিক পক্ষের অবিশ্বাস আর সন্দেহ বেড়েছে। আমাদের অবিশ্বাসের চোখে দেখছেন। তাঁদের ধারণা, শ্রমিকেরা ডাকাতদের সহযোগিতা করে থাকে।’টেক্সটাইল মিলে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন বলেন, ‘গত তিন মাসে ১৬৫ জন ডাকাত জামিনে কারাগার থেকে ছাড়া পেয়েছে। আমাদের কাছে খবর আছে, জামিন পেয়ে তাদের অনেকে আবার ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের সঙ্গে আবার যোগ হয়েছে টেক্সটাইল মিলের কিছু শ্রমিক। এই কারণেই ডাকাতির ঘটনা বেড়ে চলেছে।’মালামাল উদ্ধারের ব্যাপারে পুলিশ সুপার বলেন, ডাকাতি রোধে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি টেক্সটাইল মিল মালিকদের সঙ্গে কথা বলে নিরাপত্তা সংকেত বসানোসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।