
রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বাড়ে তার মধ্যে ছোলা একটি। ইফতারির অন্যতম এই উপকরণের বাড়তি চাহিদাকে পুঁজি করে এর দামও বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহে কেজিপ্রতি দাম বেড়েছে ৫ টাকা। আর এক মাসের ব্যবধানে ছোলার দাম কেজিতে ৭ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে ছোলার দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ।
গতকাল বুধবার মিরপুর ১ নম্বর, কল্যাণপুর, হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ছোলা মানভেদে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা দোকানগুলোতে বাজারদরের যে তালিকা টাঙানো, তাতে দেখা যায় ছোলার ক্রয়মূল্য ৮৩ টাকা আর বিক্রয়মূল্য ৯০ টাকা। ব্যবসায়ীরা বললেন, এক মাস আগে প্রতি কেজিছোলা বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়।
হাতিরপুল বাজারের মেসার্স তাহের এন্টারপ্রাইজের মো. শাহ আলম বলেন, ঢালাওভাবে দাম বেড়েছে এটা বললে ভুল হবে। প্রতি কেজি ছোলা ৮৩ টাকায় কেনা পড়ছে। ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি না করলে কীভাবে হবে। তিনি দাবি করেন, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
হাতিরপুল বাজারে বাজার করতে আসা কাঁঠালবাগানের বাসিন্দা মো. নাসির বলেন, রোজায় প্রয়োজনীয় সব পণ্যের দাম কমবেশি কেজিপ্রতি ১০-১২ টাকা বেড়েছে। কিন্তু ব্যবসায়ীদের কথা হলো, খুব বেশি বাড়েনি। পুরো মাসে বাজার করতে গিয়ে বেশি টাকা গুনতে হচ্ছে সাধারণ লোকজনকে। বাজার নজরদারি করার বিষয়টি ফাঁকা বুলি ছাড়া কিছুই না।
খুচরা বিক্রেতারা বলছেন, বাজারভেদে তাঁদের এখন এক বস্তা ছোলা (৫০ কেজি) কিনতে হচ্ছে ৩ হাজার ৯০০ টাকায়। এতে পাইকারি দর পড়ে কেজিপ্রতি ৭৮ টাকা। এর সঙ্গে শ্রমিকের মজুরি, পরিবহন খরচ, ঘাটতি ও লাভ যোগ করার পর কেজিপ্রতি ৮৫ থেকে ৮৮ টাকার কমে বিক্রি করা কঠিন। এক মাস আগে এক বস্তা ছোলার দাম ছিল ৩ হাজার ৭০০ টাকা।
ব্যবসায়ীরা বলেন, বাজারে কয়েক মানের ছোলা পাওয়া যায়। ছোলা আমদানি হয় মূলত অস্ট্রেলিয়া থেকে। দেশেও কিছু উৎপাদিত হয়। দেশি ছোলার দাম কিছুটা কম।
কারওয়ান বাজারের হাবিব এন্টারপ্রাইজের আবুল হোসেন বলেন, দেশি ছোলা ৮৫ টাকা আর অস্ট্রেলিয়ার ছোলা ৯০ টাকা। রোজার আগে দাম ছিল ৮০-৮৫ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে গত অর্থবছরে ৩ লাখ ৮৪ হাজার টন ছোলা আমদানি হয় বলে উল্লেখ করা হয়েছে। এ বছরের প্রথম আট মাসে আমদানি হয়েছে ২ লাখ ৮৮ হাজার টন। ব্যবসায়ীরা বলছেন, এ তথ্য ঠিক নয়। কারণ, দেশে বছরে ৭০ হাজার টনের মতো ছোলার চাহিদা আছে। তাঁদের ধারণা, বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবের মধ্যে ডাবলি, অ্যাংকরসহ অন্য কয়েকটি ডালও ছোলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছোলা বাদে অন্যগুলোর দাম তুলনামূলক কম।
পাইকারি বাজার মৌলভীবাজারের ডাল ব্যবসায়ী শোভা বাণিজ্য বিতানের স্বত্বাধিকারী শাফি মাহমুদ প্রথম আলোকে বলেন, আমদানিকারকেরা কিছুটা বেশি লাভ রেখে বিক্রি করেছেন। পাইকারি ও খুচরা বিক্রেতারাও কয়েক টাকা বেশি লাভ রাখায় দাম কিছুটা বেড়েছিল। আগামী দু-তিন দিনের মধ্যে ছোলার দাম কমে ৭০-এর ঘরে চলে আসবে। যে পরিমাণ ছোলা আমদানি হয়েছে, এতটা চাহিদা বাজারে নেই।