এক সপ্তাহে মারা গেছে ১২০০ মেট্রিক টন মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার চারটি উপজেলায় বিভিন্ন হাওরে পানি দূষিত হয়ে গত শনিবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ১৮০ দশমিক ৮৫ মেট্রিক টন মাছ
মারা গেছে। পাশাপাশি ব্যাঙ, কাঁকড়া, সাপ, কুঁচিয়া, শামুকসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী মারা পড়ছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ এ তথ্য জানান।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধানগাছ পচে এবং জমিতে ব্যবহার করা রাসায়নিক সার ও কীটনাশকের মিশ্রণে পানিদূষণ হয়েছে। পানিতে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাসের সৃষ্টি হয়ে পুরো হাওর এলাকার পানিতে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে বৃষ্টি হলে দুর্গন্ধ কিছুটা কমে। পানিদূষণে জেলার ১০টি উপজেলার মধ্যে চারটি উপজেলার বিভিন্ন হাওরে গত শনিবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ১৮০ দশমিক ৮৫ মেট্রিক টন মাছ মারা গেছে। এ ছাড়া মাছের মড়কের পাশাপাশি ব্যাঙ, কাঁকড়া, সাপ, কুঁচিয়া, শামুকসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী মারা পড়ছে। চলতি মাসের ১৬ তারিখ থেকে এ মহামারি দেখা দিয়েছে।
মোহনগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘পানি দূষণমুক্ত করতে আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে সবচেয়ে বড় হাওর মোহনগঞ্জের ডিঙ্গাপোতায় ও খালিয়াজুরিতে ১০ হাজার ৩১০ কেজি চুন, ১৩৫ কেজি অক্সিজেন সাবলিমেন্ট (অক্সি-এ, অক্সি-ফ্লো, অক্সিম্যাক্স) প্রয়োগ করা হয়েছে। তবে বিশাল এই হাওরে এগুলো তেমন কাজে আসবে না। ভারী বৃষ্টি হলে হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উচ্চতর পরীক্ষার জন্য হাওরের মাটি ও পানির নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।’
জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ বলেন, মোহনগঞ্জের ডিঙ্গাপোতা ও খালিয়াজুরির কয়েকটি হাওরে পরীক্ষা করে দেখা গেছে, এখন অক্সিজেনের পরিমাণ কিছুটা বাড়ছে। গত মঙ্গলবার যেখানে দশমিক ২ (শূন্য দশমিক ০২) ছিল, রোববার বিকেলে সেখানে ৩ দশমিক ৪ (৩ দশমিক ০৪) মাত্রা।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এই হাওরগুলোতে পর্যাপ্ত মাছের পোনা অবমুক্ত করা হবে। তিন মাসের মতো মাছ আহরণ বন্ধ রাখতে হবে। এ সময় জেলেদের খাদ্য সহায়তার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।