এক সপ্তাহে রাজস্ব আয় ২১ লাখ টাকা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ও নাব্যতার কারণে ফেরিগুলো অর্ধেকের কম পরিমাণ যানবাহন নিয়ে চলাচল করছে। এতে এক সপ্তাহে সরকারের প্রায় ২১ লাখ টাকার রাজস্ব আয় কম হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট থেকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ১১টি নৈশ কোচ ও চারটি ছোট গাড়িতে চার শতাধিক যাত্রী নিয়ে ফেরি শাহ আলী পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১০ মিনিট পর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট থেকে কয়েক শ গজ ভাটিতে ফেরিটি চ্যানেলের পাশে ডুবোচরে আটকা পড়ে। খবর পাওয়ার পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯৮ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘আশা’ ফেরিটিকে উদ্ধার করে। এ সময় ফেরির যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এদিকে ঈদের কয়েক দিন পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বারবার ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ও নাব্যতা সংকটের কারণে অর্ধেকেরও কম পরিমাণ যানবাহন পারাপার হচ্ছে। ফলে এক সপ্তাহ আগের তুলনায় পরবর্তী সপ্তাহে ২১ লাখ টাকার মতো সরকারের রাজস্ব আয় কম হয়েছে।বিআইডব্লিউটিসি সূত্রমতে, ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দৌলতদিয়া ঘাট দিয়ে নয় হাজার ৭০৮টি গাড়ি পার হয়। এর মধ্যে তিন হাজার ৩৩৮টি বাস, দুই হাজার ৫৮৪টি ট্রাক ও তিন হাজার ৭৮৬টি ছোট গাড়ি রয়েছে। এতে মোট রাজস্ব আয় হয় প্রায় ৯৪ লাখ ৫০ হাজার টাকা। ঈদের এক সপ্তাহ আগে এই ঘাট দিয়ে মোট যানবাহন পার হয় ১৩ হাজার একটি। এর মধ্যে চার হাজার ৪৯টি বাস, দুই হাজার ৮৭০টি ট্রাক ও ছয় হাজার ৮২টি ছোট গাড়ি। এতে সরকারের রাজস্ব আয় হয় প্রায় এক কোটি ১৫ লাখ টাকা। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ঈদের আগে নাব্যতার বিষয়টি মাথায় রেখে খননযন্ত্রগুলো প্রস্তুত রাখলে হয়তো রাজস্ব আয় এত কম হতো না। এ ছাড়া বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে ‘আমানত শাহ’ নামের বড় ফেরিটি দৌলতদিয়া থেকে ছোট-বড় ১২টি যান নিয়ে পাটুরিয়া যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে বসে আছে।দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে অবস্থিত বিআইডব্লিউটিসির টার্মিনাল তত্ত্বাবধায়ক খোন্দকার আবুল বাসার বলেন, ঠিকমতো খননকাজ না করায় এবং খনন করা মাটি সামান্য দূরে ভাটিতেই ফেলায় সেই মাটি চ্যানেলে গিয়ে পড়ে। এতে করে ফেরিগুলো ডুবোচরে আটকে পড়ছে। তবে বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, চ্যানেল ছেড়ে বাইরে চলে যাওয়ায় ফেরিটি ডুবোচরে আটকে পড়েছে। এ জন্য তিনি নদীতে প্রবল স্রোতকেই দায়ী করেন। তিনি আরও বলেন, বুধবার থেকে নতুন করে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত আরও বেড়ে গেছে। এতে করে খনন করা চ্যানেলে আবারও পলি-কাদা পড়ে ভরাট হওয়ার সম্ভাবনা রয়েছে।