এক সপ্তাহে ১৪টি মহিষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীর দুই গ্রামে গত এক সপ্তাহে ১৪টি মহিষ মারা গেছে। মাস দুয়েক আগে মারা গেছে আরও তিনটি মহিষ শাবক। অসুস্থ রয়েছে আরও অনেকগুলো।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমতলা ও কুমরপুর গ্রামের অধিকাংশ মানুষ মহিষ পালন করে। শুধু নিমতলা গ্রামেই রয়েছে প্রায় চার হাজার মহিষ। কুমরপুর গ্রামে রয়েছে ১ হাজার ৮০০ মহিষ।

২১ আগস্ট বিকেলে ওই এলাকায় গিয়ে কয়েকজন মহিষ পালনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, মহিষ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। উপজেলা পশুসম্পদ কর্মকর্তারা কেউ মাঠে আসছেন না। শুধু তাঁদের কর্মীরা আসেন। গত এক সপ্তাহে নিমতলা গ্রামের মোশাররফ হোসেন ও আলমগীর হোসেনের দুটি করে এবং ইব্রাহিম হোসেন, মুস্তাকিন, মাহমুদ, আদিল, সাঈদ, শুভরত ও শামীমের একটি করে মহিষ মারা গেছে। এ ছাড়া কুমরপুর গ্রামের স্কুলশিক্ষক আবদুল মাজেদ, কৃষক রবিউল ইসলাম ও সরুজ্জামানের একটি করে মহিষ মারা গেছে।

খোঁজ নিয়ে জানা গেল, রফিকুল উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ের অধীনে জাতীয় কৃষিপ্রযুক্তি প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভস্টক হিসেবে প্রশিক্ষণ নিয়ে গ্রামে গ্রামে পশুর চিকিৎসা দেন। তাঁরা প্রকল্প থেকে মাসে দুই হাজার টাকা ভাতা পান। এই রফিকুল মহিষ পালনকারীদের একমাত্র ভরসা।

স্কুলশিক্ষক মাজেদ বলেন, তাঁর একটি মহিষ মারা গেছে। তিনি উপজেলা পশুসম্পদ কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি (মাজেদ) বলেছেন, চিকিৎসার যা খরচ পড়ে, তা নিজেরাই বহন করবেন, আপনারা এসে একবার শুধু দেখে যাবেন। কী রোগ হয়েছে, কী চিকিৎসা দিতে হবে। তিনি এক দিনও আসেননি। শুধু তাঁদের কর্মীরা এসে ইনজেকশন দিয়ে এক থেকে দেড় হাজার করে টাকা নিয়ে যাচ্ছেন।

এই দুই গ্রামের মহিষ মারা যাওয়ার বিষয়ে গত সোমবার দুপুরে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোদাগাড়ীর কোথাও মহিষের মড়ক বা কোনো রোগ হয়নি। কোনো মহিষ মারা যায়নি। তাঁদের লোকজন প্রতিদিন সেখানে যাচ্ছেন। সময়মতো ভ্যাকসিন দিচ্ছেন। কিন্তু গত মঙ্গলবার বিকেলে ফোন করা হলে তিনি বলেন, ‘তাঁদের (মহিষ পালনকারীরা) বলা হয়েছিল, বন্যার সময় মহিষ পানিতে নামাবেন না, পানি খাওয়াবেন না এবং শুষ্ক এলাকায় রাখবেন।কিন্তু তাঁরা আমাদের পরামর্শ না মানায় অযত্ন ও অবহেলায় মহিষ মারা যাচ্ছে।’ তিনি আরও বলেন, কিছু ওষুধ বিনা মূল্য দেওয়া হয়। আর কিছু ওষুধ কিনতে হয়।

তবে এলাকায় আসেন না এমন অভিযোগের বিষয়ে সাইফুল বলেন, ‘আমি প্রতিদিন এলাকায় আসি।’