ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হতে পারে। এই আশঙ্কায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা বিভিন্ন ব্যাংকে তাঁদের বকেয়া ঋণ পরিশোধ করছেন। গত এক সপ্তাহে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১০টি শাখা ও বেসরকারি ব্যাংকের পাঁচটি শাখায় অন্তত ২৫ লাখ টাকা বকেয়া ঋণ পরিশোধ করা হয়েছে।সোনালী ব্যাংক রায়পুর শাখার ঋণ আদায়কারী কর্মকর্তা মো. শরিফ জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গতকাল বুধবার পর্যন্ত তাঁদের প্রায় দুই লাখ টাকা বকেয়া ঋণ আদায় হয়েছে। চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা নিজ উদ্যোগেই এ ঋণ পরিশোধ করছেন। অথচ এর আগে বারবার নোটিশ পাঠিয়েও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।কৃষি ব্যাংক রায়পুর শাখার ঋণ কর্মকর্তা মো. তছলিম উদ্দিন বলেন, এ সময়ের মধ্যে তাঁদের শাখায় প্রায় পাঁচ লাখ টাকা বকেয়া ঋণ আদায় হয়েছে। উপজেলার রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ মে থেকে গত শনিবার পর্যন্ত অন্তত ২৫ লাখ টাকার বকেয়া ঋণ আদায় হয়েছে। এর আগে এ ঋণ শোধ করতে অনেকবার নোটিশ দিয়েও কাজ হয়নি।বামনী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর ৪০ হাজার টাকার ব্যাংক ঋণ ছিল। ঋণখেলাপি থাকলে মনোয়নপত্র বাতিল করা হতে পারে। তাই বকেয়া ঋণ পরিশোধ করেছেন তিনি। চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মালেক গাজী বলেন, রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে তাঁর ৪০ হাজার টাকার বকেয়া ঋণ ছিল। বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হতে পারে, এ আশঙ্কায় তিনি ওই ঋণ পরিশোধ করেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার বলেন, খেলাপি ঋণ থাকলে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করার নিয়ম রয়েছে।