এক সপ্তাহে ৩০ ট্রলারসহ ২০ জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মেঘনা নদী ও সাগর মোহনায় জলদস্যুদের তাণ্ডব বেড়ে গেছে। এ মাসে জলদস্যুদের হামলায় দুজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। গত এক সপ্তাহে ৩০টি মাছ ধরার ট্রলারসহ ২০ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে। চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাটে বুধবার জলদস্যুদের হামলার প্রতিবাদ ও জেলেদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করা হয়েছে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন ও স্থানীয় জেলেরা জানান, গত বুধবার রাতে সালাউদ্দিন কোম্পানির মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরতে সাগরে যায়। চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকার চর তাড়ুয়ায় গেলে জলদস্যুদের একটি দল ট্রলারে হামলা চালিয়ে ইঞ্জিনসহ সব মালপত্র লুট করে নেয়। হামলায় ট্রলারের মাঝি চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম (৪৫) নিহত ও ১০ জন আহত হন।জলদস্যুদের কবলে পড়া অন্য এক ট্রলারের জেলে মিরাজুল ইসলাম জানান, ৪ ডিসেম্বর সাগরে মাছ ধরতে গেলে ৪০-৫০ জন জলদস্যু অন্য একটি ট্রলার নিয়ে তাঁদের তাড়া করে। একপর্যায়ে জলদস্যুরা তাঁদের ট্রলারে উঠে কুপিয়ে ২১ জেলেকে নদীতে ফেলে দেয়। ২০ জেলে সাঁতরে কুলে উঠলেও মাঝি নুরুন্নবী নিখোঁজ হন। বুধবার সকালে পুলিশ নুরুন্নবীর (৩৫) লাশ উদ্ধার করে।নুরুন্নবীর বাড়ি উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মাদ্রাজ গ্রামে। ২ ডিসেম্বর রাতে মনপুরা উপজেলার চর পাতালিয়া মেঘনায় জেলেরা মাছ ধরতে গেলে জলদস্যুরা হামলা চালিয়ে মাছ ধরার দুটি ট্রলারসহ ছয় জেলেকে অপহরণ করে। বাকি ১০ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেয়।চরফ্যাশন ঢালচর মৎস্য ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আবদুস সালাম হাওলাদার, তজুমদ্দিন শশিগঞ্জ মাছঘাটের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মাঝিসহ একাধিক জেলে জানান, চলতি মাসেই মনপুরার চর নিজাম, চরপাতালিয়া, চরফ্যাশনের ঢালচর কালকিনী জলসীমায় ৩০টি মাছ ধরার ট্রলার দস্যুর কবলে পড়েছে। এরা ট্রলার অপহরণ করে নিয়ে জেলেদের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে। জেলেরা অভিযোগ করেন, কোস্টগার্ড ও পুলিশ ইচ্ছা করলেই জেলেদের নিরাপত্তা দিতে পারে। কিন্তু তারা সাগরে নিয়মিত টহল দেয় না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব জেলেরা।ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের অভিযান কর্মকর্তা লে. আবদুল কাইয়ুম জানান, কোস্ট গার্ডের সদস্যরা নিয়মিত নদীতে টহল দিচ্ছে। তার পরও দস্যুতা বন্ধ হচ্ছে না। এ জন্য সাগর মোহনাসহ কয়েকটি স্থানে ক্যাম্প বাড়ানো উচিত। বিষয়টি ওপরে জানানো হয়েছে।পুলিশ সুপার মো. বসির আহম্মদ দাবি করেন, ‘জলদস্যুদের হামলার যেসব ঘটনা ঘটছে, এর বেশির ভাগ ভোলার জলসীমার বাইরে। আমরা ভোলার বাইরে টহল দিতে পারি না।’