এক সপ্তাহে ৩০০ ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের ভারী বর্ষণ ও পানি বাড়ার সঙ্গে সঙ্গে যমুনা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদীভাঙনে গত এক সপ্তাহে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিনটি গ্রামের শতাধিক ঘরবাড়িসহ গাছপালা ও আবাদি জমি বিলীন হয়েছে। এ ছাড়া ভাঙনে হুমকিতে রয়েছে উপজেলার তিনথোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও শতাধিক বাড়িঘর।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণে নদীর পানি বেড়ে গেছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার উড়িয়া ইউনিয়নের সিংরিয়া এবং এরেন্ডাবাড়ি ইউনিয়নের তিনথোপা ও পাগলারচর গ্রামের শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা ও আবাদি জমি যমুনায় বিলীন হয়েছে।
উপজেলার ভাঙনকবলিত কয়েকটি গ্রাম ঘুরে গতকাল সোমবার দেখা গেছে, মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। সিংরিয়া গ্রামের কাশেম মিয়া (৫০) বলেন, গত এক সপ্তাহে যমুনার ভাঙনে তাঁর দুটি ঘর বিলীন হয়েছে। কিন্তু এখনো ভাঙন রোধে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। একই গ্রামের কৃষক আলম মিয়া (৫৫) বলেন, ‘হামার বাড়িঘর ভাঙি গেচে। সাত দিন থাকি হামরা মানসের জাগাত আচি।’
এরেন্ডাবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (তিনথোপা গ্রাম) সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ বলেন, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ফুট এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এভাবে ভাঙতে থাকলে কয়েক দিনের মধ্যে গোটা গ্রাম বিলীন হবে। ইউনিয়নের তিনথোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিসহ বহু বাড়িঘর ভাঙনের হুমকিতে রয়েছে। বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। অথচ কোনো কাজ হয়নি। সাত দিনের ভাঙনে তিন গ্রামের চার শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এরা অন্যের বাড়িসহ দক্ষিণ তিনথোপা গ্রামের সরকারি জায়গা ও উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।
তিনথোপা গ্রামের কুদ্দুস আলী (৪৫) বলেন, ‘নদী যেভাবে ভাঙছে, চোখে না দেখলে বিশ্বাস হবে না। আমার চারটি টিনের তৈরি ঘর সাত দিনের ব্যবধানে নদীগর্ভে চলে যায়।’
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, সিংরিয়া এলাকায় ভাঙন রোধে নদীর তীরে জিও টেক্সটাইল ব্যাগ স্থাপনের কাজ চলছে। কিন্তু তিনথোপা ও পাগলারচর এলাকায় ভাঙন রোধে কোনো কর্মসূচি নেই।