এক সপ্তাহেও খোঁজ নেয়নি কেউ

‘প্রতিবছরই বন্যা হয়। এইবারও হইছে। বন্যায় ঘরবাড়িতে পানি উঠছে। ঘরে থাকনের অবস্থা নাই। পাশের বাড়িতে আশ্রয় নিছি। এক সপ্তাহ হইল বন্যা আইছে। কিন্তু এক সপ্তাহেও কেউ আমগ্র খোঁজ নেয় নাই। কেউ কোনো সাহায্যও দেয় নাই। অহন আমরা চরম কষ্টের মধ্যে দিয়া খায়া-না খায়া দিন কাটাইতাছি।’
আজ শুক্রবার দুপুরে শেরপুর পৌরসভার মৃগী নদী–সংলগ্ন পশ্চিম শেরী গ্রামে গেলে কথা হয় চালকলের শ্রমিক রোজী বেগমের সঙ্গে। রোজীর পরিবারসহ গ্রামের অন্তত ২৫টি পরিবারের দেড় শ মানুষ এই বন্যার শিকার হয়েছে। অনেকে বাড়ির পাশে উঁচু জায়গায়, আবার অনেকে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। অর্ধহারে–অনাহারে দিন কাটছে তাদের।
পশ্চিম শেরী গ্রামটি শেরপুর পৌরসভার একেবারে শেষ প্রান্তে শেরপুর-জামালপুর সড়কের মৃগী নদীর ওপর নির্মিত সেতুর দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। এ গ্রামের কর্মক্ষম অধিকাংশ দিনমজুর, কাঠমিস্ত্রি, মোটরশ্রমিক ও ফেরিওয়ালা। তাঁদের নিজস্ব কোনো জমি নেই। নদীর তীরে ঘর তুলে থাকেন। সেই ঘরবাড়ি এখন পানির নিচে।
এ সময় পশ্চিম শেরী গ্রামের দিনমজুর লাভলুর স্ত্রী রফেজা বেগম বলেন, ‘এক সপ্তাহ ধইরা ঘরে বন্যার পানি উঠছে। চুলা জ্বালাইতে ও রান্না করতে পারতাছি না। ঘরে খাবারের অভাব। আমগ্র ত্রাণ-সাহায্য প্রয়োজন।’
পশ্চিম শেরী গ্রামের ফেরিওয়ালা মমিনের স্ত্রী চাঁদনী বেগম বলেন, গত শনিবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে তাঁদের বসতঘরটি বন্যার পানিতে নিমজ্জিত হয়। এখন অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছেন। ঘরে খাবারের সংকট। তাঁদের ত্রাণ ও সাহায্য দরকার।

এ গ্রামের মজিবর রহমান বলেন, তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ঘরে বন্যার পানি ওঠায় কাজে যেতে পারছেন না। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে অভাব-অনটনে আছেন। কোনো সাহায্য পাননি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ আল মামুন আজ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে পৌর মেয়রের সঙ্গে কথা বলে পশ্চিম শেরী গ্রামের বন্যাকবলিত মানুষের জন্য দ্রুত ত্রাণসহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হলেও শেরপুর সদর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে পৌরসভার কয়েকটি এলাকাসহ উপজেলার আটটি ইউনিয়নের ৬৫টি গ্রামের ৭০ হাজার মানুষ পানিবন্দী। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়াদোকান ও শিমুলতলি এলাকায় কজওয়ের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় আট দিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।