এক সপ্তাহেও খোঁজ মেলেনি পাইলটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বিধ্বস্তের খবর পেয়ে চট্টগ্রামে আসেন পাইলট রুম্মান তাহমিদের বাবা-মাসহ পরিবারের সদস্যরা। বঙ্গোপসাগরের পাড়ে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবস্থান করে তাঁরা সার্বক্ষণিক খবর রাখছিলেন উদ্ধার অভিযানের। ক্ষীণ আশা নিয়ে এখনো সেখানেই অবস্থান করছে পরিবারটি।
তবে এখনো আশা ছাড়েনি পরিবার। ছেলের জন্য অনবরত কাঁদছেন মা। তাহমিদের মামা শাহাদত তাহের জানান, ‘আমরা উদ্ধারকারীদের দিকে তাকিয়ে আছি। পুরো পরিবার এখন চট্টগ্রামে। কারও মনের অবস্থা ভালো নয়। কথা বলার অবস্থায় কেউ নেই।’
তবে দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিধ্বস্ত এফ-৭ যুদ্ধবিমানের পাইলটের পরিবারকে কোনো আশার বাণী শোনাতে পারেননি উদ্ধারকারীরা। গত সোমবার বেলা সাড়ে ১১টায় পতেঙ্গা সমুদ্রসৈকতের পাঁচ নটিক্যাল মাইল পশ্চিমে সাগরে বিধ্বস্ত হয় বিমানটি।
গতকাল রোববারও নৌবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল প্রতিদিনের মতো বঙ্গোপসাগরে অনুসন্ধান চালায়। প্রথম দিকে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উদ্ধারকাজে সহযোগিতা করে। এখন কোস্টগার্ড সঙ্গে থাকলেও অনুসন্ধানকাজ পরিচালনা করছে মূলত নৌবাহিনীর জাহাজ সুরভী, সাগর, অপরাজেয় ও অদম্য।
বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, প্রতিদিন অনুসন্ধানকাজ চলছে। রাতে অনুসন্ধান বন্ধ থাকে। সকাল থেকে নৌবাহিনী আবার অনুসন্ধান শুরু করে। বিমানবাহিনীর হেলিকপ্টার সাগরে তল্লাশি চালাচ্ছে।
অনুসন্ধানকাজে যুক্ত কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার দরুল হুদা বলেন, ‘এখনো চলছে অনুসন্ধানকাজ। আমরা সহযোগিতা করে যাচ্ছি। এখনো কোনো আশার কথা নেই।’