এক সপ্তাহেও জমেনি আন্তর্জাতিক নারী উদ্যোক্তা মেলা
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘পঞ্চম আন্তর্জাতিক নারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেলা’ শুরুর পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু এখনো তা জমে ওঠেনি। মেলা ঘুরে দেখা গেছে, অনেক স্টলে পণ্যই তোলা হয়নি।গতকাল শুক্রবার ছুটির দিনে অন্য সময়ের চেয়ে মেলায় লোকসমাগম বেশি দেখা গেছে। বিভিন্ন হস্তশিল্পের পণ্যসামগ্রী, গৃহস্থালি তৈজসপত্র, জুয়েলারি ও বুটিক সামগ্রীর দোকানে তরুণী ও মহিলাদের ভিড় ছিল বেশি।মেলায় অংশগ্রহণকারী লাইজু আক্তার বরিশাল থেকে এসেছেন। তাঁর প্রতিষ্ঠান লেহান ক্রাফট মেলায় এসেছে হস্ত এবং কুটিরশিল্পজাত পণ্যের সম্ভার নিয়ে। রাঙামাটি থেকে এসেছেন রিহা টেক্সটাইলের কর্ণধার মনোয়ারা বেগম। তিনি বলেন, উইমেন চেম্বার আয়োজিত এসএমই মেলায় ২০০৮ সাল থেকে নিয়মিত অংশগ্রহণ করে আসছি। আজ ছুটির দিন হওয়ায় লোকজনের আনাগোনা মোটামুটি ভালো। তবে বেচাবিক্রির ক্ষেত্রে সাড়া পাচ্ছি কম। দেখা গেছে, অনেক স্টল এখনো খালি পড়ে আছে। আবার অনেক প্রতিষ্ঠান পণ্যসামগ্রী নিয়ে এলেও এখনো তারা স্টল গোছাতে ব্যস্ত।মেলার শেষ প্রান্তে গড়ে তোলা হয়েছে শিশুদের জন্য আলাদা খেলার কর্নার। পণ্যসামগ্রীর স্টলের পাশাপাশি খেলনার কর্নারেও লোকজনকে ভিড় করতে দেখা গেছে। মেলায় আসা দর্শনার্থী সাইমুন নাহার বলেন, এখনো তেমন কিছু কেনা হয়নি। মেলা শেষ হতে আরও অনেক দিন বাকি। কেনাকাটা শেষ মুহূর্তের দিকে করব। গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ মেলায় বসেছে দেশি-বিদেশি প্রায় সাড়ে তিন শ স্টল। বিদেশি স্টলের মধ্যে এবারের মেলায় অংশগ্রহণ করেছে ইরান, ভারত ও পাকিস্তান।মেলা কমিটির চেয়ারম্যান গুলশানা আলী প্রথম আলোকে বলেন, মেলা শুরুর পর গতকালই বেশ জমে উঠেছে। আশা করছি, স্কুল-কলেজগুলোতে পরীক্ষা শেষ হলেই মেলা জমজমাট হয়ে উঠবে।