এক সপ্তাহের জন্য বাড়ি ফিরলেন খাদিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার মাস পর গতকাল সিলেট সদর উপজেলার আউশা গ্রামে নিজ বাড়িতে ফিরলেন কলেজছাত্রী খাদিজা বেগম। এক সপ্তাহ পর চিকিৎ​সার জন্য আবার ফিরবেন ঢাকায় l আনিস মাহমুদ
চার মাস পর গতকাল সিলেট সদর উপজেলার আউশা গ্রামে নিজ বাড়িতে ফিরলেন কলেজছাত্রী খাদিজা বেগম। এক সপ্তাহ পর চিকিৎ​সার জন্য আবার ফিরবেন ঢাকায় l আনিস মাহমুদ

গতকাল বুধবার বেলা আড়াইটা! বিমানে করে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খাদিজা বেগম। এ সময় সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই শাহীন আহমদ। বিমানবন্দরে তাঁর বাবা মাসুক মিয়াসহ পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।
সোয়া তিনটার দিকে গাড়িতে করে সিলেট সদর উপজেলার আউশা গ্রামে নিজ বাড়িতে পৌঁছান খাদিজা। তাঁর মা মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্য ও আত্মীয়রা তাঁকে গ্রহণ করেন। এ সময় অনেকে খাদিজাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন।
খাদিজা বাড়ি ফেরার পর তাঁর বাবা মাসুক মিয়া সংবাদমাধ্যম, চিকিৎসক, এলাকাবাসীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার বাচ্চাটা আজ বাড়িত ফিরল এক সপ্তাহের জন্য। তার মনের দুর্বলতা কাটানোর জন্য এই এক সপ্তাহ বাড়িতে রাখা হবে। পরে আবার ঢাকা নেওয়া হবে।’
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়। সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাঁকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল তাঁকে সিলেট নিয়ে আসা হয়।
খাদিজার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। এ মামলায় খাদিজার সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ ফেব্রুয়ারি তারিখ ধার্য রয়েছে।
এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে খাদিজার ভাই বলেন, খাদিজার আদালতে হাজির হওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আদালত সূত্র জানায়, খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। গত ৮ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ১৫ নভেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। ২৯ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।