ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও দাউদকান্দি সেতুর ওপর দিয়ে আজ শনিবার সকাল আটটা থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই দুটি সেতুর মেরামতকাজ ২২ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত চলবে।সেতুর মেরামতকাজ শুরুর কারণে বিকল্প পথ দিয়ে যান চলাচলের পরামর্শ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যাত্রীসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-নোয়াখালী রেলপথে সব কটি আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করেছে। পাশাপাশি উভয় রেলপথের আট জোড়া আন্তনগর ট্রেনে ১১টি বাড়তি কোচ (বগি) সংযোজন করা হবে। বিআরটিএ সূত্র জানায়, মেঘনা ও দাউদকান্দি সেতুর পরিবর্তে যাত্রীবাহী ও মালবাহী গাড়িগুলো ময়নামতি-সরাইল ও বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাব মোড় হয়ে ঢাকা-চট্টগ্রাম পথে চলাচল করবে। এ সময় বিকল্প পথটিতে ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি, সিএনজিচালিত ছোট আকারের গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করেছি। প্রতিটি আন্তনগর ট্রেনে একটি বা দুটি করে মোট ১১টি বাড়তি কোচ সংযোজন করা হচ্ছে।’