এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় অবস্থিত পৌরসভার মালিকানাধীন পুকুরপাড়ের অবৈধ স্থাপনাগুলো এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের এ নোটিশ পৌঁছে দেওয়া হয়। দখলদারদের মোট ১৭ জনের মধ্যে ১৬ জনের কাছে এ নোটিশ দেওয়া হয়েছে। পুকুরের উত্তর-পূর্ব অংশে ১৭ শতক জমি দখলকারী আয়ুব আলী উচ্চ আদালতে মামলা করায় তাঁকে নোটিশ দেওয়া হয়নি। জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, সরকারি এ পুকুরের দখলকারী যাঁরাই হোন, তাঁদের আগামী সাত দিনের মধ্যে দখল ছাড়তে হবে। নইলে তাঁদের উচ্ছেদ করে পুকুরপাড় দখলমুক্ত করা হবে। পুকুরটি নায়েবের পুকুর নামে পরিচিত। কয়েক যুগ ধরে দৈনন্দিন কাজে এলাকাবাসী এ পুকুরের পানি ব্যবহার করে আসছে। পুকুরটির পাড় দখল হয়ে গেছে। এ ছাড়া ময়লা ফেলায় এটি ভরাট হয়ে যাচ্ছে। দূষিত হয়ে গেছে পুকুরটির পানি।