এক সপ্তাহের মধ্যে এমপিও তালিকা চূড়ান্ত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল বৃহস্পতিবার সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এমপিওভুক্তির জন্য বরাদ্দ থাকা তহবিল যাতে ফেরত না যায়, সে জন্য সাত দিনের মধ্যে তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। তিনি বলেন, ‘এমপিওভুক্তির ব্যাপারে শিক্ষামন্ত্রীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। কমিটি মনে করে, সংসদীয় গণতন্ত্রের নিয়মানুযায়ী মন্ত্রণালয়ই এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করবে, অন্য কেউ নয়।’ প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মন্ত্রী বা মন্ত্রণালয়ের ওপর এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে পারেন না বলে সভায় কয়েকজন সদস্য মত প্রকাশ করেন।গতকালের সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপপরিচালক রেবেকা সুলতানার অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের বিষয়ে বক্তব্য তুলে ধরেন সাংসদ মমতাজ বেগম। সভায় সম্প্রতি উপপরিচালকের বিরুদ্ধে কর্মচারীদের বিক্ষোভ, নিয়োগ-বদলির ক্ষেত্রে তাঁর দুর্নীতি, স্বজনপ্রীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়কে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অযোগ্যতা ও নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কমিটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ঢাকা অঞ্চলের উপপরিচালকের বিরুদ্ধে যেসব অভিযোগ ও তথ্যপ্রমাণ উত্থাপিত হয়েছে, তা বিস্ময়কর। মন্ত্রণালয় তদন্ত করে খুব শিগগির তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।সভায় রাশেদ খান মেনন বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যেসব প্রতিষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোর ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্তের সুপারিশ করেছে কমিটি। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় কোন ধরনের কতটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যাবে, এ-সংক্রান্ত যেসব শর্ত নির্ধারণ করে দিয়েছে, তা শিক্ষা মন্ত্রণালয়ের কাজকর্মের ওপর অন্যায় ও অযাচিত হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়।সভায় শিক্ষামন্ত্রী সাত দিন ও সাত মাস নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জবাব দেন। তিনি বলেন, উপদেষ্টা আলাউদ্দিনের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, এক সপ্তাহের মধ্যে তালিকা চূড়ান্ত হবে। কারণ আবেদন গ্রহণ, তালিকা তৈরি, বাছাই, তথ্য যাচাই, ডেটাবেইসসহ সব কাজই সম্পন্ন করা হয়েছে। উপদেষ্টা এই তালিকা দেখে বাতিল, সংশোধন বা নতুন নাম সংযোজনের প্রস্তাব করবেন। তাই এ ক্ষেত্রে সাত মাসের কাজ সাত দিনে বলাটা অবান্তর ও অযৌক্তিক বলে উল্লেখ করা হয়। শিক্ষামন্ত্রী সভায় জানান, এখন উপদেষ্টার যা সঠিক মনে হয়, তিনি তা-ই করবেন।গতকালের সভায় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আজম, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, শাহ আলম, জিয়াউর রহমান, মমতাজ বেগম ও শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান উপস্থিত ছিলেন। সভায় আগামী অর্থবছরে এমপিওভুক্তির জন্য ছয় শ কোটি টাকা বরাদ্দ রাখার সুপারিশ করা হয়। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলের খসড়া পর্যালোচনা করে উপকমিটির প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়ে আলোচনা হয়।