এক সপ্তাহের মধ্যে জলাবদ্ধতা নিরসন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, জলাবদ্ধতার কারণে সাতক্ষীরায় সাধারণ মানুষ দিনের পর দিন দুর্ভোগ পোহাবে, কষ্টে থাকবে তা হবে না। যেকোনো মূল্যে এক সপ্তাহের মধ্যে জলাবদ্ধতা নিরসন করতে হবে।এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে মন্ত্রী পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জলাবদ্ধতাসংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কপোতাক্ষ ও বেতনার তীরে তালা ও কলারোয়ার পানিবন্দী মানুষের জন্য সরকার সব ধরনের সহায়তা দিতে শুরু করেছে। এ ধরনের অবস্থা রোধে নদী খননের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনাও হাতে নেওয়া হচ্ছে।পাউবোর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘পাঁচ কোটি টাকার কাজ করেছেন। অথচ নদী খননের মাটিগুলো গেল কোথায়?’ স্লুইসগেটগুলো বন্ধ হলে বা পানি নিষ্কাশন সমস্যা দেখা দিলে কেন তা সরকারকে জানানো হয় না উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। মতবিনিময় সভার আগে ও পরে তিনি পানিবদ্ধ এলাকা পরিদর্শন করেন।সভায় যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান বলেন, সাতক্ষীরার পাঁচটি উপজেলার জলাবদ্ধতা নিরসনে শালিখা, পুঁটিমারাসহ বেশ কয়েকটি স্লুইসগেট সংস্কার করা হবে। এ কাজে তিনি সব সরকারি কর্মকর্তাকে সহযোগিতার আহ্বান জানান।জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক মন্ত্রী আফতাবুজ্জামান, সাংসদ এম এ জব্বার, সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, পৌরসভার মেয়র আবদুল জলিল ও বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বক্তৃতা করেন।প্রসঙ্গত, জেলার চারটি উপজেলার ৫৪টি ইউনিয়নের ৩০০ গ্রাম গত কয়েক দিনের অতিবৃষ্টি, কপোতাক্ষ ও বেতনা নদীর উপচে পড়া পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।