
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ঘোষণার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে তিনি সভা থেকেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে কথা বলেন।
বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনেও ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেন।
জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্যমন্ত্রী আগামী সপ্তাহে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে আজিজুল ইসলাম ভূঞা, জাহিদুজ্জামান ফারুক ও শফিকুল করিম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।