এক সপ্তাহের মধ্যে পাহাড়ে উচ্ছেদ কার্যক্রম
এক সপ্তাহের মধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। দু-তিন দিনের মধ্যে উচ্ছেদের নোটিশ জারি করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই উচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্ছেদের আগে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিদ্যুৎ, গ্যাস ও পানি-সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সভায় জেলা প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পাহাড়ের বাসিন্দাদের উচ্ছেদের জন্য দু-তিন দিনের মধ্যে সূচি ঘোষণা করা হবে। এর আগে গ্যাস, পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হবে। কিছু পরিবারকে অস্থায়ীভাবে পুনর্বাসনও করা হবে বলে তিনি জানান।
পাহাড় ব্যবস্থাপনা কমিটি ইতিমধ্যে নগরের ১১টি পাহাড়ে বসবাসকারী ৬৬৬টি ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করেছে।
সভায় উপস্থিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদের সূচি দিয়ে দেব।’ সভায় পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, কর্ণফুলী গ্যাস সিস্টেম, ফায়ার সার্ভিস, রেলওয়েসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।