এক সপ্তাহের মধ্যে মহাসড়ক যানবাহন চলাচল উপযোগী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সড়ক ও জনপথের (সওজ) অধীন থাকা রাস্তা সচল হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মহাসড়কগুলো সংস্কার করা হচ্ছে। আশা করা যায়, ঈদে এবার মানুষের কষ্ট গতবারের চেয়ে কমবে।
গতকাল সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শন করতে এসে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
এ পরিদর্শনকালে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, উপপ্রকল্প পরিচালক কর্নেল জোবায়ের সালেহীন, সওজ ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন স্থানে মহাসড়ক পরিদর্শন করার বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুই দিন আগে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গিয়ে দেখি, সেখানে ফোর লেন করেও মানুষ কোনো ফল পাচ্ছে না। কারণ, রাস্তা দখল হয়ে আছে। যত্রতত্র বাস, ট্রাকসহ বিভিন্ন দোকান ও মালামাল রেখে রাস্তা দখল হয়ে আছে।’
রাস্তা দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, ‘রাস্তা যদি দখলই হয়ে যায়, তবে রাস্তা চার লেন, আট লেন বা বারো লেন করেই কী লাভ?’ এ জন্য স্থানীয় প্রশাসনকে উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি ও পোশাক কারখানার পণ্যবাহী ভারী যানবাহন ছাড়া কাঠ, সিমেন্ট, রডসহ অন্যান্য পণ্যবাহী ভারী গাড়ির (ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি) চলাচল ঈদের আগে তিন দিন ও পরে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন নেতা ও শ্রমিকদের সহায়তা চেয়েছেন ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি গাড়ি চালানোর নিয়মকানুন নিয়ে চালক ও শ্রমিকদের কাউন্সেলিংয়েরও পরামর্শ দেন।