এক সপ্তাহের মধ্যে মিলবে খবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকের দক্ষিণ সাঙ্গুতে বহুজাতিক কোম্পানি সান্তোসের অনুসন্ধান কার্যক্রম শেষ পর্যায়ে। আর এক হাজার ৪০০ মিটার কূপ খননের কাজ শেষ হলে সাগরে নতুন গ্যাস পাওয়া যাবে কি না, তা জানা যাবে। এ কাজ শেষ হতে সময় লাগবে এক সপ্তাহ। কর্মকর্তারা জানিয়েছেন, এখানে গ্যাস পেলে ২০১৩ সাল নাগাদ তা জাতীয় গ্রিডে যোগ হবে। সান্তোসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, গত ডিসেম্বরে বঙ্গোপসাগরের এই এলাকায় ত্রিমাত্রিক জরিপ চালিয়ে গ্যাস থাকার ধারণা পাওয়া যায়। এ জন্য গত ২৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণ সাঙ্গুতে রিগ বসিয়ে কূপ খনন শুরু করে সান্তোস। বঙ্গোপসাগরে অবস্থিত ১৬ নম্বর ব্লকটিতে গ্যাস অনুসন্ধানের জন্য সরকারের সঙ্গে কেয়ার্ন এনার্জি চুক্তিবদ্ধ ছিল। পরে কেয়ার্ন তাদের মালিকানা সান্তোসের কাছে বিক্রি করে দেয়। চট্টগ্রাম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রিগে যেতে ১৫ মিনিট লাগে। যেখানে কূপ খনন করা হচ্ছে, সেখানে পানির গভীরতা ১৬ মিটার।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, বিশাল রিগ বসিয়ে তারা কূপ খনন করছে। গতকাল পর্যন্ত সান্তোস দুই হাজার ২০০ মিটার কূপ খনন করেছে। এখানে কাজ করছেন সান্তোসসহ ১৯টি বহুজাতিক প্রতিষ্ঠানের ১০৪ জন প্রকৌশলী ও কর্মকর্তা। তাঁদের মধ্যে ১২ জন বাংলাদেশিও রয়েছেন, যাঁরা বহুজাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। সান্তোসের কর্মকর্তারা জানান, সমতল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে কূপ খননের জন্য সান্তোস এই রিগ বসিয়েছে। সাঙ্গু গ্যাসক্ষেত্রের বর্তমান প্ল্যাটফর্ম থেকে আরও পাঁচ কিলোমিটার দক্ষিণে তাঁরা কূপ খনন করছেন।রিগে গিয়ে দেখা যায়, কূপ খননের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণকক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে তদারক করা হচ্ছে। খননে ব্যবহূত পাইপ সরবরাহের জন্য সার্বক্ষণিকভাবে দুটি জাহাজ প্রস্তুত রয়েছে। আর কর্মকর্তাদের আসা-যাওয়ার জন্য প্রস্তুত আছে হেলিকপ্টার। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে অতি দ্রুততার সঙ্গে। এ প্রসঙ্গে সান্তোসের গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট এ বি এ সিরাজউদ্দৌলাহ প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বরে ২৬৩ কোটি টাকা (৩৫ মিলিয়ন ডলার) ব্যয়ে বঙ্গোপসাগরে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হয়। বর্তমানে প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ চলছে। একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, সান্তোস যেখানে কূপ খনন করছে, সেটি তাঁদের মতে একটি সম্ভাবনাময় এলাকা। তবে গ্যাস পাওয়া না-পাওয়া নিয়ে তাঁরা কেউই স্পষ্ট করে কিছু বলছেন না। সান্তোসের জ্যেষ্ঠ ড্রিলিং প্রকৌশলী হাসনাইন ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘আগামী এক সপ্তাহ খনন শেষে একটি বার্তা পাওয়া যাবে। তাতে ইতিবাচক কিছু পাওয়া গেলে আমরা আগামী এপ্রিল পর্যন্ত কূপ উন্নয়নের জন্য কাজ করব।’ সান্তোসের কর্মকর্তারা বলেন, দক্ষিণ সাঙ্গুতে গ্যাস পাওয়া গেলে তাঁরা হাতিয়া ও চকরিয়ার মগনামায়ও কূপ খননের কাজ শুরু করবেন। আগামী এপ্রিলের মধ্যেই এ কাজ শুরু হবে বলে কর্মকর্তারা জানান।