এক সপ্তাহের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর চালানো সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের ১৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ১৮টি মামলা করবে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে মামলাগুলো করা হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর এ কথা বলেছেন। এর আগে তিনি সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার বিচারের অগ্রগতি নিয়ে সৌদি রাষ্ট্রদূত আবু আবদুল্লাহ নাসের আল বুশাইরির সঙ্গে বৈঠক করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা এই ধারার সূচনা করেছিলেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ যে ১৮ জনের বিরুদ্ধে মামলা হবে তাঁদের নাম জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যথাসময়ে নাম জানতে পারবেন।’ মন্ত্রী, সাংসদ বা উচ্চপর্যায়ের কারা রয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রী, সাংসদ যেই থাকুন আসামিকে আসামি হিসেবেই দেখা হবে।’রামুর ঘটনা নিয়ে বিরোধী দল বিএনপির বক্তব্যের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০১ সালে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের মুখে রামুর ঘটনায় সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যার বেসাতি ছাড়া কিছু নয়।’ ২০০১ সালের নির্বাচনের পর দেশব্যাপী সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে আদালতের নির্দেশে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর তিন সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত ওই কমিশন গত বছর এপ্রিল মাসে প্রায় এগার শ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়। গত বছরের ডিসেম্বরে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ২০০১ সালের ঘটনায় নির্যাতনকারী হিসেবে ২৬ হাজার ৩৬৫ জনকে চিহ্নিত করেছে সরকার। এদের মধ্যে সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদ রয়েছেন।তখন জানানো হয়েছিল, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, প্রধানমন্ত্রীর তখনকার উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সুবহান (পাবনা), আবদুল্লাহ মো. আবু তাহের (কুমিল্লা), পিরোজপুরের শহীদুল হক জামাল, খাগড়াছড়ির ওয়াদুদ ভূঁইয়া, রাজশাহীর নাদিম মোস্তফা, ফেনীর জয়নাল আবদীন (ভিপি জয়নাল), বাগেরহাটের এইচ এম সেলিম, ঝিনাইদহের শহীদুল ইসলাম, সিলেটের ইলিয়াস আলী, ভোলার হাফিজ ইব্রাহীম, ঢাকার সালাউদ্দিন আহমেদ, চাঁদপুরের আলমগীর হায়দার, নওগাঁর সালেক চৌধুরী, বরিশালের জহির উদ্দিন মোহাম্মদ স্বপন, যশোরের সাখাওয়াত হোসেন, নাটোরের একরামুল কবির প্রমুখ।