এক সভায় ৬০১ ভবনের নকশা অনুমোদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের ইমারত নির্মাণসংক্রান্ত স্থায়ী কমিটির এক সভাতেই ৬০১টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ভবনের নকশা অনুমোদনের বিপক্ষে বিশেষজ্ঞ মতামত দেওয়ায় মেয়রের সামনেই কয়েকজন কাউন্সিলরের হাতে লাঞ্ছনা ও মারধরের শিকার হয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম। গত ২৯ সেপ্টেম্বর দুপুরে এসব ঘটনা ঘটে।
গত সোমবার দুপুরে নগর ভবনে গিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় সিটি করপোরেশনের ইমারত নির্মাণসংক্রান্ত স্থায়ী কমিটির ওই সভা বসে। কমিটির সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাখাওয়াত উল্ল্যাহর সভাপতিত্বে সভায় নগরের ২৭টি ওয়ার্ডে বিভিন্ন মালিকানাধীন বাড়ি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেশ করা নকশা অনুমোদনের সুপারিশ করা হয়। মোট ৬০১টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়।
নগর ভবন সূত্রে জানা গেছে, বর্তমান মেয়াদে এটিই নকশা অনুমোদন কমিটির শেষ সভা। সাম্প্রতিক সময়ে এক দিনে এতসংখ্যক নকশা অনুমোদন করার নজির নেই। মেয়র ও কাউন্সিলরদের একটি অংশের চাপে দেদার এই অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানের এলাকায় ৬৪টি, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদেরের এলাকায় ৬১টি এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ইমারত নির্মাণসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. শাখাওয়াত উল্ল্যাহর এলাকায় ৫১টি ভবনের অনুমোদন দেওয়া হয়।
প্রকৌশলী সূত্রে জানা যায়, যাচাই-বাছাই বা জরিপ না করে এভাবে নকশা অনুমোদন দেওয়া ঠিক নয়। এর ফলে মানসম্মত ভবন নির্মাণ না-ও হতে পারে। ফলে রানা প্লাজার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
ওই দিনের সভায় উপস্থিত অন্তত তিন ব্যক্তি প্রথম আলোকে বলেন, ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স এলাকার একটি তিনতলা ভবনকে চারতলা করার জন্য সংরক্ষিত কাউন্সিলর (১, ২ ও ৩) কাউছারা বেগম সভায় প্রস্তাব করেন। সে সময় নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বিশেষজ্ঞ হিসেবে সেটির অনুমোদন না দেওয়ার জন্য মত দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই প্রকৌশলীকে সভা থেকে চলে যাওয়ার জন্য কয়েকজন কাউন্সিলর চাপ দেন। তখন প্রকৌশলী ‘কেন বের হব, আমি ১০০ বার থাকব’ বলে জবাব দেন। এরপর মেয়রের উপস্থিতিতেই ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ একরাম হোসেন তাঁর দিকে তেড়ে যান। কাউন্সিলর একরাম প্রকৌশলীকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। এরপর অন্য ব্যক্তিরা প্রকৌশলীকে সভাকক্ষ থেকে বের করে নিয়ে যান। তখন সভাকক্ষের সামনে এসে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল প্রকৌশলীকে কিলঘুষি মারেন। পরে মেয়র গিয়ে তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে কাউন্সিলর একরাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাহী প্রকৌশলী একজন সংরক্ষিত কাউন্সিলরকে ধমক দিয়ে কথা বলেন। ওই কারণে পরিস্থিতি ঘোলাটে হয়।’ তবে তিনি চেয়ার ছোড়া নিয়ে কোনো মন্তব্য করেননি।
ফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে কাউন্সিলর সাইফুল বিন জলিলের সঙ্গে কথা বলা যায়নি। এমনকি গতকাল শুক্রবার রাতে তাঁর কার্যালয় ও বাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এর আগে এক সভায় ২০০ থেকে ২৫০টি ইমারতের নকশা অনুমোদন করা হয়েছে। পুরোনো ভবন তিনতলা থেকে চারতলা করতে চায়। ঝুঁকিপূর্ণ ভবন এভাবে ওপরের দিকে বাড়ানোর নিয়ম নেই। সেটার ক্ষেত্রে মতামত দেওয়ায় চারজন কাউন্সিলর আমাকে মারধর করেছেন। এর মধ্যে কাউন্সিলর একরাম চেয়ার ছুড়ে মারেন এবং কাউন্সিলর সাইফুল কিলঘুষি মারেন।’ এ ঘটনায় বিচার চেয়েছেন কি না প্রশ্নে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বিচার কার কাছে চাইব, মেয়রের সামনেই এ ঘটনা ঘটেছে। আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি।’
জানতে চাইলে মেয়র মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘যে মাইর খাইছে এবং যারা তাকে মারছে, তারা মিলে গেছে। আমার কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ না পেলে কিসের ভিত্তিতে ব্যবস্থা নেব। নকশা অনুমোদন কমিটিতে তর্কবিতর্ক হয়। সেখানে সার্ভেয়ার বলেন এক কথা, ইঞ্জিনিয়ার বলেন আরেক কথা। তর্কবিতর্কের মধ্যেই সমাধান হয়।’ তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা হলে আর কোনো সভা করার সুযোগ নেই। নগরবাসীর কল্যাণের জন্যই নকশা অনুমোদন দেওয়া হয়।’
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হবে। চলতি অথবা আগামী মাসেই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।