এক সম্পাদক ও দুই শিক্ষককে হুমকিতে খালেদার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের সমাবেশ থেকে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।শাহবাগের সমাবেশে তরুণ-তরুণীদের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম—এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘তরুণ সমাজকে দলীয়করণের অপকৌশল সম্পর্কে সজাগ হতে হবে। জনগণের মধ্যে স্পষ্ট ধারণা সৃষ্টি করতে হবে যে, শাহবাগের এই আন্দোলন দলমত-নির্বিশেষে তরুণ সমাজের আন্দোলন। শাহবাগ চত্বরে সরকারের ভয়াবহ অপকীর্তিগুলো যুক্ত করে একটা সর্বজনীন আন্দোলনের সম্ভাবনাকে ব্যর্থ করতে ক্ষমতাসীন মহলের সুদূরপ্রসারী চক্রান্ত সম্পর্কেও তরুণ-তরুণীদের সচেতন হতে হবে। তাদের মঞ্চে ক্ষমতাসীন জোটের কর্মীদের তৎপরতা থাকলে মানুষকে সন্দিহান করে তুলবে।’ তিনি বলেন, শাহবাগের মঞ্চ থেকে যদি মাহমুদুর রহমান, পিয়াস করিম, আসিফ নজরুলের মতো সত্যনিষ্ঠ ও দৃঢ়চেতা সাংবাদিক ও শিক্ষাবিদদের হুমকি দেওয়া হয়, তাহলে শাহবাগ আন্দোলনের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য ক্ষুণ্ন হবে।