এক সাংসদ টানালেন অন্যজনের কর্মীরা ছিঁড়লেন
আজ ২৭ নভেম্বর। দুই বছর আগের এই দিনে ভোলার লালমোহনে লঞ্চ (কোকো-৪) ডুবিতে ৮৪ জনের প্রাণহানি ঘটে। নিহত ব্যক্তিদের পরিবারকে সান্ত্বনার নামে পোস্টার, ব্যানার টানাতে গিয়ে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক ও বর্তমান সাংসদের কর্মী-সমর্থকেরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন।জানা গেছে, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে সাবেক সাংসদ মেজর (অব.) জসিম উদ্দিন আহাম্মদের কর্মী-সমর্থকেরা গত শুক্রবার লালমোহন শহরে পোস্টার ও ব্যানার টানান। বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওনের কর্মীরা সেসব পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুড়িয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় সাবেক সাংসদ জসিম উদ্দিন আহাম্মদ তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, তেঁতুলিয়া নদীর নাজিরপুর লঞ্চঘাটে রাত সাড়ে ১১টায় কোকো-৪ অতিরিক্ত যাত্রীর ভারে ডুবে যায়। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে ট্র্যাজেডির দুই বছর পর কিছু পোস্টার ও ডিজিটাল ব্যানার লাগিয়েছিলাম। কিন্তু বর্তমান সাংসদ শাওনের আশীর্বাদপুষ্ট লোকজন ব্যানারগুলো খুলে ছিঁড়ে ফেলে এবং উত্তর বাজার এলাকায় দুটি ব্যানারে অগ্নিসংযোগ করে। তিনি বর্তমান সাংসদের সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। সাবেক এই সাংসদ আরও বলেন, লঞ্চ দুর্ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) এখনো দেওয়া হয়নি। জানতে চাইলে সাংসদ নুরুন্নবী চৌধুরী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘সাবেক সাংসদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। শুক্রবারের ঘটনার সঙ্গে দলীয় কর্মীদেরও কোনো সংশ্লিষ্টতা নেই। ঘটনাটি ওই সাংসদের সাজানো।’ এদিকে শুক্রবার রাত আটটার দিকে লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম তাঁর নিজ কার্যালয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীর পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করে বলেন, মেজর জসিম এলাকায় এসে আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। কোকো ট্র্যাজেডিকে কেন্দ্র করে সুকৌশলে বিএনপির প্রার্থী মেজর হাফিজের মদদে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, লালমোহনে সাংসদ শাওনকে অভিনন্দন জানিয়ে কিছু ব্যানার টানানো হয়েছিল। এসব ব্যানার সরিয়ে মেজর জসিম তাঁর কোকো ট্র্যাজেডির ব্যানার লাগাতে যান। এতে আওয়ামী লীগের তৃণমূলের দুই কর্মী বাধা দিলে তাদের মারপিট করা হয়।