এক সাংসদের বিরুদ্ধে রাস্তায় আরেক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাংসদের ক্ষমতা নিয়ে দ্বন্দের জের ধরে আজ বৃহস্পতিবার দুই পক্ষের কয়েক শ সমর্থক রাস্তায় নেমে আসেন। ছবি: শাহাদাত হোসেন
ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাংসদের ক্ষমতা নিয়ে দ্বন্দের জের ধরে আজ বৃহস্পতিবার দুই পক্ষের কয়েক শ সমর্থক রাস্তায় নেমে আসেন। ছবি: শাহাদাত হোসেন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাংসদের ক্ষমতা নিয়ে দ্বন্দের জের ধরে আজ বৃহস্পতিবার দীর্ঘ সময় সরাইল বিশ্বরোড ও সেখান থেকে এক কিলোমিটার দূরে কুট্টাপাড়া মোড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করে।
এতে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের।
দ্বন্দ্বে লিপ্ত দুই সাংসদ হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউল হক মৃধা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।
জিয়াউল হক মৃধা নিজেই নেতৃত্ব দেন তাঁর সমর্থকদের বিক্ষোভে।
৯ জুন ব্রাহ্মণাবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত আশুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবন উদ্বোধন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তাদির। এ নিয়ে বিরোধের সৃষ্টি।
এই প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানান, আজ সকাল ১০টা থেকে বিশ্বরোড মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগের সাংসদ উবায়দুল মুক্তাদিরের পক্ষের লোকজন। সেখানে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর। তাঁরা উবায়দুল মুক্তাদিরের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
অন্যদিকে বিশ্বরোড থেকে এক কিলোমিটার দূরে অবস্থান নেন জিয়াউলের সমর্থকেরা। সেখানে তিনি নিজেই নেতৃত্ব দেন। তাঁরা উবায়দুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একটি অংশ ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করে, আরেকটি অংশ সবাবেশ করে।
বেলা একটার দিকে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাংসদ জিয়াউল হক মৃধা ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বলেছে, বিশ্বরোড মোড়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই বিশ্বরোড মোড়ে না গিয়ে এক কিলোমিটার দূরে কুট্টাপাড়া মোড়ে মানববন্ধন পালন করছি।’
এই ব্যানারে ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি মুক্তাদির চৌধুরী কর্তৃক সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার যাবতীয় সরকারি-বেসরকারি কর্মকাণ্ডের অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন’ লেখা ছিল। স্থান বিশ্বরোড মোড়। আয়োজনে সরাইল-আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনসমূহ লেখা।
অন্যদিকে উবায়দুল মুক্তাদিরের সমর্থক রফিক উদ্দিন ঠাকুর বলেছেন, ‘জিয়াইল হক মৃধা জোটের এমপি। অথচ তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা ও বিবৃতি দিয়ে থাকেন। তাঁর এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছি।’
সাংসদের মানববন্ধন ঠেকানোর জন্য এই আয়োজন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। কাউকে প্রতিহত করা আমাদের উদ্দেশ্য নয়।’
ঘটনাস্থলে থাকা সহকারী পুলিশ সুপার শাহ আলম বকাউল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সাংসদ মহোদয়কে বিশ্বরোডে না যেতে অনুরোধ করেছি। তিনি আমাদের অনুরোধ রক্ষা করেছেন।’