এক সাংসদের বিরুদ্ধে রাস্তায় আরেক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার দুই সাংসদের বিরোধ তুঙ্গে পেঁৗছেছে৷ এর জের ধরে গতকাল বৃহস্পতিবার জেলার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গত সোমবার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ একই দিনে ওই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের উদ্বোধনও করেন তিনি৷ এতে ক্ষুব্ধ হন ওই এলাকা (ব্রাহ্মণবাড়িয়া-২, সরাইল ও আশুগঞ্জ) থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ জিয়াউল হক মৃধা ও তাঁর সমর্থকেরা৷ অন্য আসনের সাংসদ আশুগঞ্জে গিয়ে ভিত্তিপ্রস্তর বা ভবন উদ্বোধন করার প্রতিবাদে গতকাল মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন সাংসদ জিয়াউল৷ তা ঠেকানোর চেষ্টা করেন সাংসদ মোকতাদিরের সমর্থকেরা৷
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে অবস্থান নেন সাংসদ মোকতাদিরের পক্ষের লোকজন। তাঁদের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক নাজমুল হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকউদ্দিন ঠাকুর।
অন্যদিকে সাংসদ জিয়াউলের সমর্থকেরা বেলা ১১টার দিকে বিশ্বরোড মোড় থেকে এক কিলোমিটার দূরে মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে অবস্থান নেন৷ জিয়াউল হক নিজেই সমর্থকদের নেতৃত্ব দেন। তাঁর সমর্থকেরা সেখানে মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধনের ব্যানারে ‘ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ মোকতাদির চৌধুরী কর্তৃক সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার যাবতীয় সরকারি-বেসরকারি কর্মকাণ্ডে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন’ লেখা ছিল।
মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ জিয়াউলের সমর্থকেরা সরাইলের বিশ্বরোড মোড়ের দিকে এগিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সাংসদ মোকতাদিরের সমর্থকেরা তাঁদের ধাওয়া করেন৷ এ সময় পাল্টাপাল্টি ধাওয়া চলে৷ একপর্যায়ে জিয়াউলের সমর্থকেরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়৷ মহাসড়কে দুই পক্ষের অবস্থানের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়৷
সাংসদ জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘যত দিন এমপি আছি, শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কারও এলাকায় গিয়ে মাতবরি করতে চাই না। কাউকে আমার এলাকায় এসে মাতবরি করতেও দেব না৷’
এ বিষয়ে জানতে সাংসদ উবায়দুল মোকতাদিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি কিছুক্ষণ পরে ফোন করতে বলেন৷ পরে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি৷
মোকতাদিরের সমর্থক রফিকউদ্দিন ঠাকুর বলেন, ‘এমপি জিয়াউল হক মৃধা মহাজোটের এমপি। অথচ তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা ও বিবৃতি দিয়ে থাকেন। তাঁর এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছি।’
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার শাহ আলম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সাংসদ মহোদয়কে বিশ্বরোডে না যেতে অনুরোধ করেছি। তিনি আমাদের অনুরোধ রক্ষা করেছেন।’