জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আমিনুল ইসলামকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম ওই সাক্ষীকে বৈরী ঘোষণা করেন। এ টি এম আজহারুল এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
জবানবন্দিতে আমিনুল ইসলাম বলেন, একাত্তর সালে পাকিস্তানি বাহিনী ও তার দোসররা রংপুরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। জবানবন্দিতে তিনি আসামি আজহারের নাম উল্লেখ না করায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাঁকে বৈরী ঘোষণা করে জেরা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, আপনি (সাক্ষী) একাত্তরে আপনাদের এলাকায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেসব মানুষ ও সংগঠন জড়িত ছিল, তাঁদের নাম গোপন করেছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
রাষ্ট্রপক্ষের জেরা শেষে সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবী শিশির মুনির জেরা করেন।
আসামিপক্ষের জেরা শেষে রাষ্ট্রপক্ষ আমিনুল ইসলামকে নিরাপত্তা হেফাজতে নিতে ট্রাইব্যুনালে আবেদন করে। ট্রাইব্যুনাল সাক্ষীর কাছে জানতে চান, তিনি নিরাপত্তা চান কি না? জবাবে সাক্ষী বলেন, তিনি নিরাপত্তা চান না। পরে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশে বলেন, সাক্ষী যেহেতু নিরাপত্তা চান না তাই তাঁকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হচ্ছে না। তবে পুলিশ তাঁকে সার্বক্ষণিক নজরদারি করবে। যদি তিনি অন্য সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে এ মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন দাসের জবানবন্দি শেষ হয়েছে। পরে তাঁকে আসামিপক্ষ জেরা শুরু করে। এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।