
তিনি স্কুলছাত্র হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)। ১৯ বছর আগের এ হত্যাকাণ্ডের বিচার চলছে সিলেটের মহানগর দায়রা জজ আদালতে। একে একে সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। বাকি শুধু তদন্তকারী কর্মকর্তা হিসেবে তাঁর সাক্ষ্য গ্রহণ। প্রতিবার সাক্ষ্য গ্রহণের তারিখটি যথারীতি তাঁকে জানানো হয়। কিন্তু তিনি আসেন না।
এই তদন্তকারী কর্মকর্তা প্রথম দফায় তারিখ শুনে বলেন, আসব। কিন্তু সাক্ষ্য গ্রহণের এক দিন কিংবা দুদিন আগে জানিয়ে দেন, এবার না, পরেরবার। এভাবে সাক্ষ্য গড়াচ্ছে প্রায় সাত বছর ধরে। কাল ৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। এই তারিখ শুনে বাদীপক্ষ যোগাযোগ করলে তিনি এক সপ্তাহ আগেও জানিয়েছিলেন, এবার আসবেন। কিন্তু গত শনিবার আবার ‘না’ বলে দিলেন। এরপর বাদীপক্ষসহ আইনজীবীদেরও সন্দেহের সৃষ্টি হয়। তাঁদের প্রশ্ন, তাহলে কি গুরুত্বপূর্ণ এই সাক্ষী আসামিপক্ষ দ্বারা প্রভাবিত?
এই তদন্তকারী কর্মকর্তার নাম দেওয়ান গোলাম সারওয়ার। ১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর সিলেট কোতোয়ালি থানার অধীন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আলাল মিয়া হত্যাকাণ্ডের সময় কোতোয়ালি থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন তিনি। আলাল হত্যা মামলার তদন্ত শেষে ২০০৩ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আদালতে অভিযোগপত্র দাখিল করলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষী তিনি।
আলালের চাচা আবদুস সালাম গত সোমবার প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে জানান, ২০০৩ সাল থেকে পুলিশ কর্মকর্তা সারওয়ারকে খোঁজা হচ্ছিল। চাকরি ছেড়ে দেওয়ায় তাঁকে পাওয়া যাচ্ছিল না। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে। সিলেট পুলিশ লাইন থেকে ঠিকানা সংগ্রহ করে তাঁর বাড়িতে যান। কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে তিনি পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি জানান। কিন্তু তাঁর সাক্ষ্য না হলে বিচারকাজ শেষ হচ্ছে না জানালে তিনি সুবিধামতো সময়ে সাক্ষ্য দেবেন বলে আশ্বস্ত করেন।
সরকারি কৌঁসুলির দপ্তরে সংরক্ষিত মামলার নথি থেকে জানা যায়, জমিজমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে নৃশংস কায়দায় খুন হয় আলাল। শিশুহত্যার এ ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল পুরো এলাকায়। লাশ উদ্ধার, সুরতহাল প্রতিবেদনসহ প্রাথমিক সব তদন্ত নিজেই করেন সারওয়ার। পরে মামলাটি গোয়েন্দা ও সিআইডি তদন্ত করে অভিযোগপত্র আদালতে দাখিল করলে প্রথম দিকের তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী রাখা হয় সারওয়ারকে। মামলায় এ পর্যন্ত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষী মামলার বাদী আলালের বাবা আবদুল বারী, ময়নাতদন্তকারী চিকিৎসক ও গোয়েন্দা পুলিশ সাক্ষ্য দিয়েছেন। বাকি রয়েছেন শুধু আইও সারওয়ার।
মুঠোফোনে যোগাযোগ করলে মামলার আইও হিসেবে সাক্ষী দেওয়ান গোলাম সারওয়ার গত রোববার প্রথম আলোকে বলেন, তিনি প্রায় পাঁচ বছর আগে পুলিশের চাকরি ছেড়েছেন। বর্তমানে ঢাকায় আছেন। তাঁর সাক্ষ্য না হওয়ায় ১৯ বছর ধরে স্কুলছাত্র হত্যা মামলার বিচার ঝুলে আছে জানালে তিনি বিষয়টি সম্প্রতি জেনেছেন বলে দাবি করেন। ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য দিতে না আসা প্রসঙ্গে সারওয়ার বলেন, ‘আমি পারিবারিক কাজে ব্যস্ত আছি। এ বিষয়টি বাদীপক্ষকে জানিয়েছিও। এ তারিখ নয় (৮ ফেব্রুয়ারি), আগামী কোনো তারিখে সাক্ষ্য দিতে আসব।’
‘পুত আমার রাজন অইত যদি!’
‘রাজনের রায় যে কোর্টে অইছে, হুনছি ওই কোর্টেই আমরার বিচার চলছে। রাজন আমরার এলাকারই, ওই বিচারটা তাড়াতাড়ি অইছে দেইখা আমরা আশায় আছলাম। কিন্তু দেখতে দেখতে আরও দুই বছর গেল। সব সাক্ষী দিছইন, মামলার আইও সাক্ষী দিতে আইন না, বিচারও ঘুরে না। ১৯ বছর ধরি অপেক্ষায় আছি। ইশ্, আমরার ছেলেটা রাজন অইত যদি!’
আলালের মা সারি বেগম অশ্রুসজল চোখে কথাগুলো বলছিলেন। সিলেটের কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল গ্রামে গত রোববার সকালে গিয়ে দেখা যায়, বাড়িতে ছেলের পোশাক আর পাঠ্যপুস্তক পরম যত্নে আগলে রেখেছেন সারি বেগম।