এক সাক্ষীর সাক্ষ্য বন্ধ করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেনের সাক্ষ্য গ্রহণ শেষ বলে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ-সংক্রান্ত আদেশ দেন।
শেখ আবজাল হোসেনকে গতকাল আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। কিন্তু কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের সহকারী আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে বলেন, আসামিপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ‘অনিবার্য কারণে’ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘সৈয়দ মিজানুর রহমানকে মধ্যাহ্ন বিরতির পর বেলা দুইটার দিকে আসতে বলেন, না হলে আমরা এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেব।’
মধ্যাহ্ন বিরতি শেষে বেলা দুইটার পর আবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে গাজী এম এইচ তামিম এই মামলার কার্যক্রম দুই দিন মুলতবির আবেদন করেন। ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করে বলেন, ‘আবজাল হোসেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তিনি অনেক দূর থেকে সাক্ষ্য দিতে এসেছেন। তাঁকে জেরা করার জন্য আর সময় দেওয়া হবে না। তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করা হলো।’ রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।