এক সাবেক সহকারী সচিবের বিরুদ্ধে দুদকের মামলা
ক্ষমতার অপব্যবহার করে একাধিক সরকারি প্লট গ্রহণের অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব মো. আলী হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।
মো. ইব্রাহিম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, মিরপুর হাউজিং এস্টেটের ১৩১/১৩২, ২-চ বাড়িটি ১৯৭৫ সালে নিজ নামে বরাদ্দ নেন সাবেক সহকারী সচিব মো. আলী হোসেন। এর আয়তন ১.৭০ কাঠা। একইভাবে তিনি আবারও ২০০৪ সালের ২১ জানুয়ারি সম্প্রসারিত উত্তরা (তৃতীয় পর্ব) আবাসিক এলাকায় রাজউকের পাঁচ কাঠা প্লট বরাদ্দ নেন। অথচ তিনি হলফনামায় বলেছেন, রাজউক বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে তাঁর বা তাঁর ওপর নির্ভরশীলদের নামে প্লট বা ফ্ল্যাট কেনা হয়নি।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, এ ছাড়া ২০১২ সালের ২৩ ডিসেম্বর মো. আলী হোসেন মোহাম্মদ জাহিদ হোসেনের সঙ্গে যৌথভাবে উত্তরা সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিল (বাড়ি নম্বর ২৬, রোড নম্বর ১৬, রূপনগর) সম্পন্ন করেন। এ অবস্থায় তিনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে সরকারি প্লট নিয়ে দুদক আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।