এক সাব-রেজিস্ট্রারের দায়িত্বে পাঁচটি কার্যালয়
লালমনিরহাটে জেলা রেজিস্ট্রারের (ডিআর) পদটি প্রায় আড়াই মাস ধরে শূন্য রয়েছে। জেলার আরও তিনটি উপজেলায় সাব-রেজিস্ট্রার নেই। এই অবস্থায় লালমনিরহাট সদর উপজেলার সাব-রেজিস্ট্রার একাই জেলাসহ পাঁচটি রেজিস্ট্রি কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জুনে জেলা রেজিস্ট্রার অবসরে যান। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার সাব-রেজিস্ট্রাররা বদলি হন। এরপর থেকে ওই পাঁচটি কার্যালয়ের পদগুলো শূন্য রয়েছে। এই অবস্থায় সদর উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী মিয়া ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারের দায়িত্ব নেন। একই সঙ্গে তিনি চারটি উপজেলার দায়িত্বও পালন করছেন। আদিতমারী কার্যালয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাব-রেজিস্ট্রার শাহজাহান আলী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
কয়েকজন দলিললেখক জানান, নিয়ম অনুযায়ী একই ব্যক্তি জেলা রেজিস্ট্রারের দায়িত্ব পালনকালে খণ্ডকালীন অন্য দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু ইউসুফ আলী মিয়া একই সঙ্গে ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সদরসহ চার উপজেলারও দায়িত্ব পালন করছেন। এতে কোনো কার্যালয়ে তিনি সপ্তাহে এক দিনের বেশি সময় দিতে পারেন না। ফলে কাজকর্মে নানা জটিলতা তৈরি হচ্ছে।
পাটগ্রাম দলিললেখক ও সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০টি দলিল নিবন্ধন করা হয়ে থাকে। কিন্তু এখন দায়িত্বে থাকা কর্মকর্তা সপ্তাহে এক দিন অফিস করায় দিনে প্রায় ২০০টি দলিল নিবন্ধন করতে হয়। ফলে দলিললেখক ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। পাটগ্রাম দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক রুমি বলেন, কর্মকর্তা না থাকায় তাঁদের সপ্তাহে চার দিন অলস সময় কাটাতে হচ্ছে।
পাটগ্রাম পৌরসভার ঝাকুয়াটারি গ্রামের আফি মিয়া বলেন, তাঁর ভাইয়ের মেয়ের হঠাৎ করে গত বৃহস্পতিবার বিয়ে ঠিক হয়েছে। এ জন্য টাকা জোগাড় করতে তিনি জমি বিক্রির সিদ্ধান্ত নিলেও সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল রেজিস্ট্রি করে দিতে পারছেন না। ফলে জমি ক্রেতা তাঁকে অর্ধেক টাকাও দিতে চাইছেন না। এতে নিরুপায় হয়ে দাদন ব্যবসায়ীর কাছে সুদে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিতে হচ্ছে।
গত বৃহস্পতিবার ঢাকা থেকে পাটগ্রাম সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আসেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘মূল দলিল হারিয়ে গেছে। তাই আমি নকল (সার্টিফাইড) তুলতে এসেছি। কিন্তু সাব-রেজিস্ট্রার নাকি আসবেন এক সপ্তাহ পর। অফিসের কাজকর্ম ফেলে এই সাত দিন কি বাড়িতে থাকা যায়?’
জানতে চাইলে ইউসুফ আলী মিয়া বলেন, ‘সরকার দায়িত্ব দিলে তা পালন করতে হবে। একই সঙ্গে জেলা রেজিস্ট্রারসহ অন্য কার্যালয়ে খণ্ডকালীন দায়িত্ব পালনের বিধিবিধান আছে কি না, সেটা কোনো বিষয় নয়। আগে তো সব বাঁচাতে হবে। আমি এ দায়িত্ব পালন করছি সাময়িক। এ পদে স্থায়ী নিয়োগ হলেই সব ঠিক হয়ে যাবে।’