
একটি হাউজিং কমপ্লেক্সে ১৫টি ভবন, প্রতিটি পাঁচতলা করে। থাকে দেড় শ পরিবার। সামনে বেশ খানিকটা লম্বা ফাঁকা জায়গা। সেখানে দিনের বেলায় ছেলে-মেয়েরা খেলে। রাতে বড়রা বসেন, গল্প-গুজব করেন। দেখেন আকাশও।
দিনগুলো এভাবেই যাচ্ছিল। এর মধ্যেও কিছু একটার অভাব লক্ষ করলেন বাসিন্দারা। একটা কিছু দরকার, যা দিয়ে মিটতে পারে মনের খোরাক। ওমর খৈয়ামের ভাষায়,
‘রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে
কিন্তু একটি বই অনন্ত যৌবনা
যদি তেমন বই হয়।’
সেই চিন্তা থেকেই আজকের ‘অন্বেষা পাঠাগার’-এর পথচলা।

গত শতকের আশির দশকের শুরু। রাজধানীর সিদ্ধেশ্বরীতে ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টস সবে পাখা মেলেছে। বাসিন্দাদের মধ্যে পাঠাগার সৃষ্টির প্রয়াস শুরুতে ছিল না। উদ্যোগ নিয়েছিলেন যিনি তাঁর নাম শামিমা ইসলাম। পাশে পেয়েছিলেন আরও কয়েকজনকে। বলা হয়ে থাকে, মূলত নারীদের উৎসাহে ১৯৮৭ সালে গড়ে ওঠে এই পাঠাগার।
২২ মার্চ বুধবার দুপুর ১২টায় ভিকারুননিসা নূন স্কুলের পাশ দিয়ে ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্টসে ঢুকেই বেশ শান্ত, পরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে। সচ্ছল মানুষেরাই এখানে বসবাস করেন। পাঠাগারের ভেতরের পরিবেশও বেশ পরিপাটি। ঢুকতেই পাঠাগারের ইতিহাস বর্ণনা করে শামিমা ইসলামের একটি লেখা বাঁধাই করে রাখা। বাঁধাই করা আছে বই নিয়ে সৈয়দ মুজতবা আলীর একটি লেখাও। বইয়ের প্রতিটি তাক তকতকে। কোন তাকে কোন ধরনের বই, গায়ে লেখা আছে তা-ও।

প্রতিবেদকের উপস্থিতির খবর পেয়ে পাঠাগারে এলেন রওশন আরা আতিক, ডা. ফারহানা হোসেন, সেলিনা রহমান, গীতা রানী গুহ, মেহেরুননিসাসহ অনেকেই।
রওশন আরা আতিক বলছিলেন শুরুর দিকের দিনগুলোর কথা। ‘বাংলা ১৩৯৪-এর পয়লা বৈশাখে প্রতিটি ফ্ল্যাট থেকে পেলাম দুটি করে বই। একবার এলেন জহিরুল ইসলাম সাহেব (ইসলাম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান)। তিনিও খুশি হয়ে পাঠাগারের জন্য কিছু বই উপহার দিলেন। কোনো ফ্ল্যাট থেকে এল চেয়ার, কোনো ফ্ল্যাট থেকে টেবিল। কেউ দিলেন তাক। এভাবে দাঁড়িয়ে গেল আমাদের অন্বেষা পাঠাগার।’
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, রবীন্দ্রনাথ ও নজরুলের রচনাবলী, বাংলাপিডিয়া থেকে শুরু করে গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ, ভ্রমণকাহিনি, জীবনী, রান্নাবিষয়কসহ বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ বই মিলে সংগ্রহ ১০ হাজার।
এটি কেবল একটি পাঠাগারই নয়, বাসিন্দাদের এক সুতোয় গেঁথেও রেখেছে এই পাঠাগার—মনে করেন উদ্যোক্তারা।
অন্বেষা পাঠাগার সুহৃদ হিসেবে পেয়েছে অনেক বিশিষ্টজনকে। তাঁদের মধ্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বিভিন্ন সময় দিয়েছেন পরামর্শ-মতামত। আছেন বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক অজয় রায়, নজরুল গবেষক আসাদুল ইসলাম, যুক্ত ছিলেন প্রয়াত চলচ্চিত্রকার বাদল রহমানও।
পাঠকদের চাহিদা সব সময় বিবেচনায় নেয় অন্বেষা। পাঠকেরা কী ধরনের বই চান, নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি টাঙিয়ে তা জানতে চাওয়া হয়। প্রাপ্ত মতামত অনুযায়ী একুশে বইমেলা থেকে কেনা হয় বই। নতুন নতুন সংগ্রহে ফি বছর ভরে ওঠে পাঠাগারটি।

এই হাউজিংয়ে দেড় শ পরিবার বলে পাঠাগারের সদস্যও দেড় শ জন। তবে পাঠক চার শর মতো। পাঠাগারটি কেবল এই হাউজিংয়ে বসবাসরতদের জন্যই।
গঠনতন্ত্র মেনে চলে পাঠাগার। কর্তৃপক্ষ শৃঙ্খলার বিষয়ে বেশ কড়া। মঙ্গলবার বাদে সপ্তাহে ছয় দিনই খোলা রাখা হয়। দুপুরে কেবল এক ঘণ্টার বিরতি। বেতনভুক্ত গ্রন্থাগারিক আছেন। তিনিই যাবতীয় হ্যাপা সামলান।
পাঠাগারের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ ইসহাক বললেন, বিকেলে, সন্ধ্যায় বসার জায়গা পাওয়া যায় না। এখানে পাঠক বেশ।
আলাপচারিতার সময় পাঠাগারে ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী শেমন্তি। সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলে পড়ে। স্কুল থেকে ফিরে বাসায় না ঢুকে পাঠাগারে এসেছে। কী বই পড়ছ, জানতে চাইলে বইটি হাতে নিয়ে কাছে আসে। বইটির নাম সোমোর অভিযান। শেমন্তি জানাল, কমিকসের বই ওর বেশি পছন্দ।
কোন ধরনের বই পাঠকেরা বেশি পড়েন, জানতে চেয়ে জানা গেল নতুন-পুরোনো সব ধরনের বইয়ের প্রতিই আগ্রহ আছে। তবে রান্না ও স্বাস্থ্যবিষয়ক বইয়ের দিকে কারও কারও রয়েছে বিশেষ আগ্রহ।
সুখবর হলো, সম্প্রতি গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে পাঠাগারটি। আগামী বছর থেকে মিলবে সরকারি সহায়তাও। সব মিলিয়ে আনন্দে আছেন অন্বেষার পাঠকেরা।