রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিকল্প কোনো প্রস্তাব থাকলে তা সংবিধানসম্মত ও গণতান্ত্রিক হতে হবে। কোনো অনির্বাচিত সরকারকে এক সেকেন্ডের জন্যও দেশ শাসন করতে দেওয়া হবে না।জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার রেলমন্ত্রী এসব কথা বলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন।সুরঞ্জিত বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘১২ মার্চ দেখেছেন। ১৪ মার্চ দেখেননি। ৯০ দিনের আল্টিমেটাম দিয়েছেন কিসের জন্য? যুদ্ধাপরাধীদের বিচার ভণ্ডুল, নাকি দুই ছেলে ও ক্যান্টনমেন্টের বাড়ি রক্ষা করতে। কিন্তু এই সরকার যুদ্ধাপরাধীদের বিচারে কোনো ছাড় দেবে না।’ তিনি বলেন, সত্যি যদি তত্ত্বাবধায়ক সরকার আল্টিমেটামের কারণ হয়, তবে ৯০ দিন কেন, এখনই সংসদে এসে প্রস্তাব দিন। এ জন্য আল্টিমেটামের দরকার নেই। প্রস্তাব ভালো হলে সবার অংশগ্রহণে সেটা নিয়ে খোলা বিতর্ক হবে। আওয়ামী লীগ, ১৪ দল, সংসদ খোলা মন নিয়ে অপেক্ষা করছে। তত্ত্বাবধায়ক সরকার যা অন্তর্বর্তীকালীন সরকারও তা। সংবিধান অনুযায়ী এখনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের সুযোগ আছে।নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবকে সুরঞ্জিত রাজনৈতিক দূরদর্শিতা বলে অভিহিত করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোটের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। জনগণ ঘৃণাভরে এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। শেখ ফজলুল করিম সেলিম বলেন, তাঁর ধারণা ১২ মার্চের মহাসমাবেশে ১০০ কোটি টাকা খরচ হয়েছে। এত টাকা আসছে কোথা থেকে? আইএসআইয়ের টাকা? তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি শক্তিশালী কমিটি গঠন করে এর তদন্তের দাবি জানান।শেখ সেলিম টকশোতে যাঁরা সরকারের সমালোচনা করেন, তাঁদের সমালোচনা করে বলেন, ‘এরা মতলববাজ বুদ্ধিজীবী। আগে থেকে ঠিক করে যায়, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে।’ পরে সংসদের অধিবেশন আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়।